হরতালে নেতিবাচক রপ্তানি
হরতালের নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানি আয়ে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) গত বছরের একই সময়ের চেয়ে এক শতাংশ রপ্তানি আয় কম হয়েছে।
অথচ গত অর্থবছরের এই চার মাসে আগের বছরের চার মাসের চেয়ে রপ্তানি আয় ২০ শতাংশ বেশি দেশে এসেছিল। ওই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কমে ৭ দশমিক ৫৮ শতাংশ।
সর্বশেষ অক্টোবর মাসে রপ্তানি আয় কমে ৭ দশমিক ৬৩ শতাংশ।
অর্থনীতির গবেষক এবং রপ্তানিকারকরা বলছেন, অক্টোবর মাসে ঈদের ছুটি এবং হরতালের কারণে রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় আয় কম হয়েছে। গত বছরের শেষের দিকের সংঘাতময় রাজনীতি এবং রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনার নেতিবাচক প্রভাবও সাম্প্রতিক সময়ের রপ্তানি আয়ে পড়েছে বলে জানিয়েছেন তারা।
তবে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আগামীতে রপ্তানি আয় বাড়বে বলে আশার কথা শুনিয়েছেন তারা।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সোমবার রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্যপ্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৯৬৫ কোটি ২৬ লাখ ডলার আয় করেছে।
গত ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৭৪ কোটি ৭২ লাখ ডলার। সে হিসাবে আলোচ্য সময়ে রপ্তানি আয় কমেছে শূন্য দশমিক ৯৭ শতাংশ।
এই চার মাসে এক হাজার ৪৪ কোটি ৪৭ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় কমেছে ৭ দশমিক ৫৮ শতাংশ।
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের নিট ও ওভেন কোনো খাতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রার চেয়ে ওভেন পোশাক রপ্তানি কমেছে ১৪ দশমিক ১৭ শতাংশ। আর নিট রপ্তানি কমেছে ২ দশমিক ৩৯ শতাংশ।
আলোচ্য সময়ে নিট পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে দশমিক ৯০ শতাংশ বাড়লেও ওভেন পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে নিট পোশাক রপ্তানি থেকে। এ খাত থেকে মোট ৪০৫ কোটি ৮৪ লাখ ডলার আয় হয়েছে। গতবছরের একই সময়ে আয় হয়েছিল ৪০২ কোটি ২২ লাখ ডলার।
গত অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয় ৩৮৬ কোটি ৪৫ লাখ ডলার। এবার একই সময়ে আয় হয়েছে ৩৬৯ কোটি ৪২ লাখ ডলার।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরের শেষের দিকে রানা প্লাজা ধস ও তাজরীন গার্মেন্টসে দুর্ঘটনা এবং সংঘাতময় রাজনীতির কারণে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠায় অনেক অর্ডার বাতিল হয়েছিল। তারই নেতিবাচক প্রভাব এখন রপ্তানি আয়ে পড়ছে।”
বিষয়টি ব্যাখা করে তিনি বলেন, “বায়াররা আমাদের তৈরি পোশাকের যে অর্ডার দেন তা তৈরি করে তাদের কাছে পাঠাতে প্রায় এক বছর সময় লেগে যায়। গত বছরের শেষের দিকে আমাদের রপ্তানিকারকরা যে সব অর্ডার পেয়েছিলেন সেগুলোই কিন্তু গত কয়েক মাসে রপ্তানি করেছে।
“সাম্প্রতিক সময়েও দেশে ফের হরতাল শুরু হয়েছে। পণ্য পাঠাতে সমস্যা হচ্ছে। সবকিছু মিলিয়েই এখন রপ্তানি আয় কম আসছে।”
ফাইল ছবি
নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অক্টোবর মাসে ঈদের ছুটির কারণে কয়েক দিন কারখানা বন্ধ ছিল, হরতালও ছিল। সে কারণে ওই মাসে রপ্তানি আয় কম এসেছে।”
জায়েদ বখতের মতো তিনিও আশাপ্রকাশ করছেন, আগামী মাসগুলোতে রপ্তানি আয় বাড়বে।
গত অক্টোবর মাসে দেশে দুই দিন (২৬ ও ৩০ অক্টোবর) হরতাল হয়েছে। আর চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহের চার দিনই ছিল হরতাল।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, অক্টোবর মাসে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে বাংলাদেশ ১৯৫ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে, যা গত বছরের অক্টোবরের চেয়ে ৭ দশমিক ৬৩ শতাংশ কম। আর লক্ষ্যমাত্রার চেয়ে কম প্রায় ২০ শতাংশ।
২০১৪-১৫ অর্থবছরে তিন হাজার ৩২০ কোটি (৩২ দশমিক ২০ বিলিয়ন) ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। জুলাই-অক্টোবর সময়ে আয় হয়েছে এক হাজার ৪৪ কোটি ৪৭ লাখ ডলার।
২০১৩-১৪ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ তিন হাজার ১৮ কোটি ৬৬ লাখ (৩০ দশমিক ১৯ বিলিয়ন) ডলার আয় করেছে, যা আগের অর্থবছরের চেয়ে ১১ দশমিক ৭ শতাংশ বেশি।
অন্যান্য খাতের মধ্যে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে হিমায়িত মাছ রপ্তানি কমেছে ৮ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমেছে ২ দশমিক ৩৯ শতাংশ। ওষুধ রপ্তানি কমেছে ৬ দশমিক ৪২ শতাংশ।
তবে কৃষি এবং কৃষিজাত পণ্য রপ্তানি বেড়েছে ২২ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে ৬ শতাংশ।
