২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০২১ নাগাদ রপ্তানি ৫০ বিলিয়ন ডলার ছাড়াবে’

২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 12:11 AM

Updated : 22 Aug 2022, 07:50 PM

শনিবার সন্ধ্যায় বন্দর নগরীর পলোগ্রাউন্ড মাঠে ‘ইন্টারন্যাশনাল উইমেন’স এসএমই এক্সপো, বাংলাদেশ-২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

“সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নে গেলাম। তারা বলল, ইপিজেডে ট্রেড ইউনিয়ন দিতে হবে। আমি বললাম ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডব্লিউডব্লিউএ) যেভাবে দিয়েছি তা কোনোভাবে পরিবর্তন হবে না। চারশ’টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৭টিতে ডব্লিউডব্লিউএ গঠিত হয়েছে।”

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার শুরু হয়েছে। কয়েকটি মামলার রায়ও হয়েছে।  বিচার শেষ হবে, ষড়যন্ত্রও হবে।

‘‘তবে আমাদের প্রধানমন্ত্রী দৃঢ়চেতা। আমরাই এ বিচার শেষ করব। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে প্রধানমন্ত্রীর নাম লেখা থাকবে। তিনি ছাড়া বাংলাদেশের কোনো নেতা-নেত্রী এ বিচার কাজ শেষ করতে পারতেন না।”

গত সপ্তাহে জামায়াতের ডাকা হরতাল ‘ব্যর্থ’ হয়েছে দাবি করে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য হরতাল ডাকা হয়েছে। এখন হরতাল কেউ করে না। সব দোকানপাট, কলকারখানা খোলা ছিল। শুধু দূরপাল্লার গাড়ি কম চলেছে।”

৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপিরও সমালোচনা করেন তোফায়েল।

“৫ জানুয়ারির নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার তাদের সংলাপে বসার আহ্বান করেছিলেন। তারা এখন সংলাপের কথা বলে। কিসের জন্য, কার সাথে সংলাপ?”

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, “বেসরকারি খাত দেশের ৮০ ভাগ কর্মকাণ্ডের সাথে জড়িত। তাই আমাদের ব্যবসা করার সুযোগ দিন। যদি সম্ভব হয় তবে সব ব্যবসার প্রতিনিধিরা সম্মতি দিলে এ সিদ্ধান্ত বিবেচনা করা যেতে পারে।

“অর্থনীতির উন্নতি করতে হলে মাঝেমাঝে একনায়ক হতে হয়। উন্নতির জন্য দশ-বিশ বছর সরকার থাকতে হয়। আমাদের এখানে নির্বাচনের পরদিনই বলে নামিয়ে দেব। এ কৃষ্টি চলতে পারে না।”

এফবিসিসিআই সহ-সভাপতি হেলাল উদ্দিন বলেন, “রাজনীতি থাকবে, রাজনৈতিক দলের কর্মসূচি থাকবে। কিন্তু ব্যবসা ধ্বংসকারী কোনো রাজনৈতিক কর্মসূচি চাই না। আইন করে হরতাল বন্ধের দাবি জানাচ্ছি।”

মাসব্যাপী এ মেলা অষ্টমবারের মত আয়োজন করেছে চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)।

সংগঠনের সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাংসদ ওয়াসিকা আয়শা খান ও মাহজাবিন মোরশেদ, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. এহসানুল করিম।