দেশে প্রথম এলপিজি গ্যাসবাহী জাহাজ তৈরি
বাংলাদেশে প্রথমবারের মতো ‘এলপিজি গ্যাসবাহী’ জাহাজ নির্মাণ করেছে নারায়ণগঞ্জের রেডিয়েন্ট শিপইয়ার্ড।
শুক্রবার বিকালে ‘ওমেরা প্রিন্সেস’ নামে ওই জাহাজটি জেলার রূপগঞ্জের দাউদপুর এলাকায় অবস্থিত রেডিয়েন্ট শিপইয়ার্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড এবং মবিল যমুনা লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে রেডিয়েন্ট শিপ-ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন জানান, ৩০ কোটি টাকা ব্যয়ে এবং রেডিয়েন্ট মেরিন ডিজাইন অ্যান্ড সার্ভিসেস-এর নেভাল আর্কিটেক্টদের দ্বারা ডিজাইনে ওমেরা প্রিন্সেস জাহাজটি নির্মাণ করা হয়েছে।
এটি লম্বায় ৫৮ দশমিক ৬০ মিটার এবং চওড়ায় ১০ দশমিক ২০ মিটার। এর রয়েছে ৩ দশমিক ৫০ মিটার গভীরতা সম্পন্ন শ্যালো ওয়াটার ড্রাফট।
এই জাহাজটি দেশের সকল রিমোট এরিয়ায় গ্যাস সরবরাহ করতে সক্ষম হবে দাবি করে আলাউদ্দিন বলেন, “এটি শুধু চট্টগ্রাম বা মংলা বন্দরেই সীমাবদ্ধ থাকবেনা। দেশের নদী পথেও যে কোনো স্থানে পৌঁছাতে পারবে ওমেরা প্রিন্সেস।”
তিনি জানান, ওমেরা প্রিন্সেসের ধারণ ক্ষমতা ৩শ মেট্রিক টন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। জাহাজটি নির্মাণ করতে সময় লেগেছে নয় মাস ।
রেডিয়েন্ট শিপইয়ার্ড এ পর্যন্ত নয়টি জাহাজ তৈরি করেছে। এর মধ্যে কোস্টাল ওয়েল ট্যাঙ্কার, যাত্রীবাহী ট্যুরিস্ট জাহাজ, ওয়ার্ক বোড, ফিশিং ট্রলার রয়েছে।
