২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়েন্টাল: আমানতকারীদের অপেক্ষা আরও দীর্ঘ হলো

বিলুপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 12:29 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

এই আমানতকারীদের অর্থ পরিশোধের জন্য আইসিবি ইসলামিক ব্যাংককে আরও সাড়ে তিন বছর সময় দিয়েছে সরকার।

এ নিয়ে গ্রাহকদের পাওনা পরিশোধে ১০ বছর সময় পেল ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকটির কাছে গ্রাহকদের প্রায় ৭৫০ কোটি টাকা পাওনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সার্কুলার হিসাবে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছেও তা পাঠানো হয়েছে।

এর আগে রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সময় বাড়িয়ে ‘দি ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড (পুনর্গঠন) স্কিম, ২০০৭’ সংশোধন করে একটি আদেশ জারি করে।

ব্যাংক পুনর্গঠনের সময় ৫ বছর সময় দিয়ে স্কিম তৈরি করা হয়েছিল, যা ২০০৮ সালের মে মাস থেকে কার্যকর হয়, শেষ হয় ২০১৩ সালের মে মাসে। ওই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করতে না পেরে আইসিবি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আরও পাঁচ বছর সময় চায়।

সরকার প্রথমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিলেও দুই দফায় ৬ মাস ও এক বছর করে মোট দেড় বছর সময় বাড়ায়, যা ৩ নভেম্বর শেষ হয়। এরপর নতুন করে আরও সাড়ে তিন বছর সময় পেল আইসিবি ইসলামিক ব্যাংক।   

প্রায় ৬৫০ কোটি টাকার আর্থিক জালিয়াতির কারণে ২০০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক অধিগ্রহণ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক পরে এতে প্রশাসক বসায়। সংকটজনক ওই পরিস্থিতিতে ব্যাংকটি থেকে টাকা তুলে নেওয়া শুরু হরে তৈরি হয় তারল্য সংকট।

এরপর আমানতকারীদের অর্থ ফেরত দিতে সাড়ে ছয় বছর সময় দিয়ে ২০০৭ সালে একটি স্কিম বা কর্মসূচি চালু করা হয়। ব্যাংকটির নাম বদলে হয় আইসিবি ইসলামিক ব্যাংক। ওরিয়েন্টাল ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে এই ব্যাংক।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশে বলা হয়, “আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক অবস্থা বিবেচনায় আমানতকারীদের অর্থ পরিশোধের সময়সীমা বাড়িয়ে ১০ বছর করা হলো।’

অর্থাৎ, ব্যাংকটি আমানতকারীদের টাকা পরিশোধের সময় পেল ২০১৮ সালের ৪ মে পর্যন্ত।