২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বছরের পুরনো বাস আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা

জাপান থেকে অনূর্ধ্ব আট বছরের পুরনো বাস ও হাইব্রিড গাড়ি আমদানি করার অনুমতি চান দেশের পুরনো গাড়ির ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 01:34 AM

Updated : 22 Aug 2022, 07:29 PM

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেল ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) পক্ষ থেকে সরকারের কাছে এই অনুরোধ জানানো হয়।

প্রধান অতিথি অর্থমন্ত্রী বারভিডার সভাপতি হাবিব উল্লাহ ডনের প্রস্তাবের অনুমতির বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন।

যাতায়াতের জন্য হাইব্রিড গাড়ি ‘আরামদায়ক’ মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, কয়েক বছর আগে তিনিই সর্বপ্রথম হাইব্রিড গাড়ি আমদানির প্রস্তাবটি তুলেছিলেন।   

“হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ আগেও একবার দেওয়া হয়েছিল। তখন আমদানিকারকরা তেমন আগ্রহ না দেখালেও এখন আবার সেই সুযোগ চাচ্ছেন।”

নতুন করে এধরনের গাড়ি আমদানির সুযোগ দেয়ার ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী বলেন, এধরনের গাড়ির ব্যবস্থাপনার জন্য বিশেষ ধরনের গ্যারেজ প্রয়োজন হয়। সে ধরনের গ্যারেজের নিশ্চিয়তা আমদানিকারকদেরই দিতে হবে।

পুরোন বাস আমদানির অনুমতির বিষয়টি বিবেচনা করা হবে, বলেন অর্থমন্ত্রী। তবে এর বয়সসীমা আট বছর করার বিষয়ে কিছু বলেননি তিনি।

শনিবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনের ২০ বছর পূর্তি ও দেশে পুরনো গাড়ি আমদানির ৩৭ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে এই অনুষ্ঠান হয়। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় দুঘণ্টা পর শুরু হয়।

এতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বারভিডার প্রতিষ্ঠাকালীন পরিচালনা পর্ষদের হাতে সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী।