২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহারের দাবি বীমামালিকদের

হজ নিয়ে লতিফ সিদ্দিকীর মন্তব্যের জের ধরে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের দাবিতে সারাদেশে সম্মিলিত ইসলামী জোটের ডাকা সকাল-সন্ধা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং বাংলাদেশ প্রাইভেট ইউনির্ভাসিটি অ্যাসোসিয়েশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2014, 11:52 PM

Updated : 22 Aug 2022, 07:23 PM

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংগঠন দুটির সভাপতি শেখ কবির হোসেন এ আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৩ সালের দীর্ঘদিন হরতালের কারণে দেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল তা কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে গেছে। দেশের ব্যবসায়ী মহল যে মুর্হুতে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করছে সেই মুহুর্তেই আইন অবমাননা করে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা  হরতালের কোন ভিত্তি নেই।

ইসলামী দলগুলোর গত ১৬ অক্টোবর চলতিমাসের ২২ তারিখের মধ্যে ইন্টারপোলের মাধ্যমে লতিফকে গ্রেপ্তারের জন্য সরকারকে সময় বেঁধে দেয়। তারপর ২২ তারিখ এক সংবাদ সম্মেলন করে রোববার হরতালের ডাক দেয় তারা।

সম্মিলিত ইসলামী জোটের মহাসচিব মোহাম্মদ জাফরউল্লাহ খানের দাবি তাদের জোটে ১৯টি দল রয়েছে।

বিআইএ ও প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন-এর সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, "যে সমস্যার কারণে ইসলামী দলগুলো হরতাল ডেকেছে তা দেশের প্রচলিত আইন ও প্রশাসনিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিৎ। দেশের আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে হরতাল না করে দেশের ব্যবসায়ী মহলের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছি।"

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়।

তার ওই বক্তব্য ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাইক্রোব্লগগুলোতে আলোচনার ঝড় তোলে। বিএনপি ও হেফাজতে ইসলামসহ কয়েকটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন এ নিয়ে আন্দোলনে নামার হুমকিও দেয়।

এরই মধ্যে বিভিন্ন জেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা হয়েছে কয়েক ডজন। কয়েকটি মামলায় ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

কয়েকটি ইসলামী দলের হুমকির মধ্যেই গত ১২ অক্টোবর লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দেওয়া হয়।

সবশেষ লতিফ সিদ্দিকীর কারণ দর্শাতে বলার নোটিসের জবাব দলের কাছে 'গ্রহণযোগ্য' না হওয়ায় তাকে শুক্রবার আওয়ামী লীগ থেকেও বহিস্কার করা হয়।