পুঁজিবাজারে আসছে একমি ল্যাবরেটরিজ
নতুন তিনটি প্রকল্পের জন্য ৫ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ।
বুক বিল্ডিং পদ্ধতিতে এই শেয়ার ছাড়া হবে বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা শনিবার ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটায় নিজস্ব কারখানায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
তিনি বলেন, তাদের ৬০ বছর পুরনো এই প্রতিষ্ঠানের বর্তমান সম্পদমূল্য প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে একমি ল্যাবরেটরিজের মনোনীত পরিচালক ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানও ছিলেন।
তিনি বলেন, “পুঁজিবাজারের উন্নয়নে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির প্রয়োজন। এ কথা বিবেচনা করেই একমিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য ইস্যু ব্যবস্থপকের দায়িত্ব নিয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।”
একমির প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশে ওষুধ বিক্রির দিক থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর যে তিনটি কোম্পানি রয়েছে, তারই একটি একমি।
বাংলাদেশের বাজারের ৮ শতাংশ ওষুধের চাহিদা একমি পূরণ করছে বলে দাবি করেন জাহাঙ্গীর। তিনি বলেন, ২০টি দেশে ৭০ ধরনের ওষুধ রপ্তানি করছেন তারা।
“আগের বছরের তুলনায় ২০১৪ সালের জুন পর্যন্ত একমির ওষুধ বিক্রির হার ১৫ শতাংশ বেড়েছে। মোট বিক্রির ৫ শতাংশ রপ্তানি করি আমরা।”
