২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার জমেনি, পণ্যের দাম বেড়েছে

পূজা ও ঈদ-উল আজহার ছুটি শেষে রাজধানীর কাঁচা বাজারগুলো এখনো জমে উঠেনি; অনেক বিক্রেতা এখনো তাদের দোকান খুলেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 07:00 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

এক রকম প্রায় ফাঁকা বাজারগুলোতে ঢিমে তালে বেচাকেনা চললেও এর মধ্যেই বেড়েছে বেশ কয়েকটি পণ্যের দাম।

শুক্রবার সকালে রাজধানীর ফকিরেরপুল, শাহজাহানপুর, গোপীবাগ ও মুগদা বাজার ঘুরে অনেক দোকান বন্ধ পাওয়া যায়, ক্রেতাদের উপস্থিতিও কম দেখা যায়।

এর মধ্যেই আলু, শশা, টমেটো ও আদাসহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে, যেগুলোর চাহিদা এখন বেশি বলে দাবি করেন ব্যবসায়ীরা।

এক সপ্তাহ আগে কেজিপ্রতি আলু ২০ টাকায় পাওয়া গেলেও শুক্রবার বাজার ঘুরে দেখা যায় মানভেদে কেজিপ্রতি আলু ২২ টাকা থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

এক সপ্তাহের ব্যবধানে শশার দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। শুক্রবার প্রতি কেজি শশা ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়।

গত সপ্তাহে প্রতি কেজি টমেটো সর্বোচ্চ ১২০ টাকা দরে বিক্রি হলেও শুক্রবার সর্বোচ্চ ১৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

মানভেদে প্রতি কেজি আদার দাম ২০ টাকা পর‌্যন্ত বেড়ে ১৪০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছিল শুক্রবার।

এছাড়া চামড়া সংরক্ষণের জন্য লবণের চাহিদা বাড়ায় কেজিপ্রতি লবনের দাম এক টাকা বেড়েছে বলে দাবি করেছেন বিক্রিতারা।

এছাড়া মসুর ডালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়ে ১০৫ থেকে ১১০ টাকা দরে বিক্রি হয়। শুক্রবার আমদানি করা মসুর ডাল বিক্রি হয় ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে।

প্রতি হালি ফার্মের ডিম ৩০ থেকে ৩২ টাকা, প্রতি কেজি ব্রয়লার মুরগী ১২০ থেকে ১৩০ টাকা, দেশি পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়।

গোপীবাগ বাজারের সবজি বিক্রেতা শামসুল ইসলাম বলেন, “ঈদের কারণে রাজধানীতে লোক নেই। এ জন্য বেচাকেনা কম। তবে আলু, শশা, টমেটো এগুলোর চাহিদা বাড়ছে। আবার সাপ্লাই একটু কম আছে। এজন্য দামও একটু বাড়তি।”