জিএসপি: ‘পুনর্বিবেচনা করুন এখনই’
আসছে ডিসেম্বরে জিএসপি সুবিধার নবায়ন পুনর্বিবেচনার সময় তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নে ও শ্রমিকদের অধিকার বাস্তবায়নে স্বল্প সময়ের অগ্রগতি বিবেচনায় নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এ আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জিয়াউদ্দিন ওয়াশিংটনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুজনের মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা দুজন বাংলাদেশের জন্য জিএসপির নবায়ন পুনর্বিবেচনা, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি সব পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার ওপরও জোর দেন রাষ্ট্রদূত।
রানা প্লাজা ধসের পর ২০১৩ সালের জুন মাসে বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। পরে একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের শর্তে ডিসেম্বরে এই সুবিধা আবার ফিরিয়ে দেওয়ার কথা বলে দেশটি।
এবিষয়ে জিয়াউদ্দিন বলেন, জিএসপি পুনর্বহালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া বাংলাদেশ এ্যাকশন প্লান ২০১৩ এর অধিকাংশ শর্ত সংশ্লিষ্টরা এর মধ্যেই বাস্তবায়ন করেছে। অবশিষ্ট কয়েকটি শর্তও বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং তাদের অধিকার রক্ষায় নিজ দেশের আইন অনুযায়ী বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন ফ্রোম্যান ।
“তবে শ্রমিকদের সব সুবিধা ও অধিকার সুরক্ষায় কর্মপরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন এবং ন্যায্য শ্রমঅধিকার চর্চার উপর জোর দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি।”
জিএসপি পুনর্বহালসহ বন্ধুপ্রতিম দুদেশের মধ্যে বিদ্যমান সব বাণিজ্যিক বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে একযোগে নিরবচ্ছিন্নভাবে কাজ করার বিষয়ে উভয়ে একমত হন।
