২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আদার দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা

সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বাজারে আদার দাম কেজিতে একশ টাকা বেড়েছে। কোরবানির ঈদের আগেরদিন মানভেদে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আদা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 03:14 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

Image
আদার দাম

আদার দাম

রোববার সকালে নগরীর বিভিন্ন বাজারের দোকান ঘুরে আদার দরের এই চিত্র পাওয়া গেছে।

দাম বৃদ্ধির জন্য বিক্রেতারা আদার চাহিদা বৃদ্ধি, সরবরাহ ঘাটতি ও আড়তদারদের কারসাজিকেই দায়ী করেছেন।

ঈদের আগের এই দাম বৃদ্ধিতে বাজারে আদার সঙ্গী হয়েছে রসুন, টমেটো, শসা, শুকনো মরিচ ও পেঁয়াজ।

রিয়াজ উদ্দিন বাজারের খুচরা বিক্রেতারা জানান, গত সপ্তাহে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। শনিবার থেকে সেই আদা বিক্রি হচ্ছে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ টাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজউদ্দিন বাজারের আদার এক আড়তদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশি দামে বিক্রির জন্য অনেকেই আগে থেকে বেশি আদা মজুদ করেছে। কাল কোরবানি। তাই বেশি দামে বিক্রি শুরু হয়েছে। খুচরাতে এটার প্রভাব পড়েছে।”

রিয়াজউদ্দিন বাজারের আদা, রসুন ও পেঁয়াজের খুচরা বিক্রেতা মো. জাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদা বেশি দামে কিনতে হচ্ছে আড়তদারদের কাছ থেকে।

“ঘাটতির কথা বলে তারা বেশি দামে আদা বিক্রি করছে। গত সপ্তাহের তুলনায় রসুনের দামও বেড়েছে কেজিতে ১০ টাকা। এখন রসুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।”

জাহেদ জানান, মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে সর্বোচ্চ ৩২ টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি হয়।

বাজারে রোববার ১৭০ টাকা কেজি দরে দেশি শুকনা মরিচ বিক্রি হয়। গত সপ্তাহে এর দাম ছিল কেজি প্রতি ১৩০ টাকা।

অন্যদিকে ঈদুল আজহাকে সামনে রেখে কাচা বাজারে বেড়েছে টমোটো ও শসার দামও।

তিন-চারদিন আগে বিক্রি হওয়া ১৫ টাকা কেজির শসা এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত। টমোটোও থেমে নেই। গত সপ্তাহের ৮০ টাকা দরের টমেটো এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা মো. মোস্তফা বলেন, “সবজি পরিবহনের জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না। কারণ এখন সব ছোট বড় ট্রাক গরু পরিবহনে ব্যস্ত। ফলে গাড়ি যা পাওয়া যাচ্ছে সেগুলোতে ভাড়া বেশি। পরিবহন খরচ বাড়ায় শসার দাম বেড়েছে।” 

তিনি বলেন, শশা মূলত আসে ভোলা ও বরিশাল এলাকা থেকে। কিছু শশা চট্টগ্রামের চকরিয়া ও চন্দনাইশ এলাকা থেকেও আনা হয়।

অন্যদিকে, প্রজনন মৌসুম হওয়ায় জেলা মৎস্য অধিদপ্তরের নিষেধাজ্ঞার কারণে বাজারে ইলিশের সরবরাহ একেবারেই কমে গেছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ।

সবজির বাজার গত সপ্তাহের তুলনায় তেমন হেরফের হয়নি।

ফুলকপি ও শিম ছাড়া বাকি সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। ফুলকপি আর শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।