২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়েছে মসলার দাম

কাছাকাছি সময়ে কোরবানির ঈদ আর দুর্গাপূজার মতো দুটি বড় উৎসব হওয়ায় চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মসলার দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 08:17 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, ফকিরাপুল, মুগদা বিভিন্ন বাজার ঘুরে এলাচ, দারুচিনি, লবঙ্গ গোলমরিচসহ গরম মসলার প্রায় উপকরণের দাম দেখা যায় সাধারণ সময়ের তুলেনায় বেশ খানিকটা বেশি।

সেই সঙ্গে বেড়েছে রসুন, আদা, শুকনো মরিচ, হলুদ, জিরা ও তেজপাতার দাম। তবে পেঁয়াজের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

উৎসব মৌসুমের অতিরিক্ত চাহিদার সুযোগকে কাজে লাগিয়ে পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন বলে খুচরা বিক্রেতাদের অভিযোগ।

ভারতের কেরলা ও তামিলনাড়ু থেকে আমদানি করা এলপ্পি গ্রিন এলাচ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে। এক মাস আগেও এই এলাচ ১৪০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হয়েছে।

গুয়াতেমালার এলাচ প্রতিকেজি এক হাজার থেকে ১৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মাসখানেক আগে এই এলাচ পাওয়া যেত ১২০০ টাকায়।

লবঙ্গ বিক্রি হচ্ছে ১২৫০ থেকে ১৫০০ টাকা কেজি দরে। একমাস আগে এর দাম ছিল ১১০০ থেকে ১৪০০ টাকার মধ্যে।

চীন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে আমদানি করা দারুচিনি মানভেদে বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৭৫ থেকে ৩১০ টাকায়। মাসখানেক আগে প্রতি কেজি দারুচিনি ২৬০ থেকে ৩০০ টাকার মধ্যে ছিল।

বাজারে প্রতিকেজি ভারতীয় গোল মরিচ ৬৫০ থেকে ৮০০ টাকায় বিকোচ্ছে। আমদানি করা বিভিন্ন মানের জিরা মিলছে ৩০০ থেকে ৪৫০ টাকায়।

আর প্রতিকেজি দেশি আদা ২০০ টাকা এবং আমদানি করা আদা ২৫০ টাকায় বিক্রি হয়েছে শুক্রবার।

বাজার ঘুরে দেখা যায়ী, আমদানি করা রসুনের চাহিদাই বেশি। বর্তমানে এ ধরনের রসুন ৮০ থেকে ৯০ টাকা আর দেশি রসুন ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে রসুনের দাম।  

এছাড়া গুঁড়ো মসলার মধ্যে হলুদ প্রতি কেজি ২০০-২২০, মরিচ ১৫০-২০০, ধনে ১৮০-২২০ টাকা এবং তেজপাতা ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে পেঁয়াজ ও ভোজ্য তেলের দাম মোটামুটি স্থিতিশীল। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকার মধ্যে। আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮০-৯০ টাকা ও পাম অয়েল ৭০ টাকায় পাওয়া যাচ্ছে।    

তবে মসলার দাম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ পাইকারী গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মসলার বাজার স্বাভাবিক রয়েছে। বরং অনেক ক্ষেত্রে দাম কমেছে। সরকার এসব পণ্য আমদানির শুল্ক কমালে দাম আরও কমত।”

মুগদা বাজারের মসলার খুচরা বিক্রেতা রব্বানী সরদার বলেন, “ঈদ, কোরবানির সময়ে মসলার চাহিদা বাড়ে। পাইকারী বাজারে দাম যে হারে বাড়ে, আমরা ততটাই বাড়াই। এবার পাইকারী বাজারে গরম মসলার দাম কেজিতে গড়ে ১০০ টাকা বেশি।”