রানা প্লাজা: ক্রেতাদের পৌণে দুই কোটি ডলার অনুদান
রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গঠিত ‘ডোনার ট্রাস্ট ফান্ডে’ এক কোটি ৭০ লাখ ডলার অনুদান দিয়েছে বিশ্বের বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান, যার কিছু অংশ বিতরণও করা হয়েছে।
বাংলাদেশে এই তহবিলটি পরিচালনার জন্য আইএলও পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে, যার সদস্য শহীদুল্লাহ আজীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “অনেক ক্রেতা প্রতিষ্ঠান রানা প্লাজা ডোনার ট্রাস্ট ফান্ডে সহায়তা দিয়েছে। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর ডোনাররা সহায়তার অর্থ ছাড় করেছে।”
শহীদুল্লাহ আজীম জানান, রানা প্লাজা ধসে যেসব শ্রমিক মারা গেছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি নির্ভরশীল ও পরিবারের সদস্যরাই এই অর্থ পাবেন।
ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে গত মার্চে এই ট্রাস্ট ফান্ড গঠন করে আইএলও। তখন নিহত ও আহত শ্রমিকদের তালিকা অনুযায়ী তাদের নির্ভরশীলদের সংখ্যা হিসাব করে সংস্থাটি জানিয়েছিল, এসব ক্ষতিগ্রস্ত পরিবারকে পূর্ণ সহায়তা দিতে দুই কোটি ডলার প্রয়োজন।
তহবিল গঠনের লক্ষ্যে রানা প্লাজার তৈরি পোশাক শিল্প কারখানার ক্রেতাদের কাছে সহায়তার জন্য ধরণা দেয় সংস্থাটি। আইএলও’র তথ্য অনুযায়ী ওই ভবনের চার কারখানা থেকে বিশ্বের বিভিন্ন দেশের ৩১টি প্রতিষ্ঠান পোশাক নিত।
তাদের মধ্যে ১৭টি এই তহবিলে সহায়তার অর্থ দিয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো এখনও দেয়নি। তহবিলে সহযোগিতাকারীদের একটি তালিকা দেয়া হয়েছে ‘আইএলও ট্রাস্ট ফান্ড’-এর ওয়েবসাইটে (http://www.ranaplaza-arrangement.org/fund/donors/donors)।
তবে রানা প্লাজার ওই চার প্রতিষ্ঠানের ক্রেতা না হয়েও এইচ এন্ড এম, গ্যাপ এবং এন ব্রাউন এই তহবিলে সহায়তা দিয়েছে।
বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজীম বলেন, “ইতোমধ্যে যেসব সহায়তার অর্থ পাওয়া গেছে তার থেকে এক হাজার ৫৫২ জন নিহতের নির্ভরশীলদের হাতে ১২ কোটি ৭০ লাখ ৯০ হাজার ২৫০ টাকা দেয়া হয়েছে। এছাড়া ওই ঘটনায় আহত ৩৫ জনকে ১৩ লাখ ৬ হাজার ৮৩২ টাকা দেয়া হয়েছে।”
তিনি বলেন, “রানা প্লাজার ঘটনায় নিহতের নির্ভরশীলদের এবং আহতদের ডাচ্ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে এই অর্থ দেয়া হয়েছে। মোট ২ হাজার ৮০০ লোকের অ্যাকাউন্ট খোলা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে সহায়তা দেয়া হবে।”
নিহতের নির্ভরশীলরা সর্বনিন্ম এক লাখ থেকে সর্বোচ্চ ৬১ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন বলে জানিয়েছেন আজীম।
