২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংকে ‘কল ড্রপে’ এক মিনিট ফ্রি

‘মিনিট ব্যাক অন কল ড্রপ’ নামে নতুন একটি সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক, যাতে বাংলালিংক থেকে বাংলালিংকে কথা বলার সময় লাইন কেটে গেলে তাৎক্ষণিকভাবে বিনা পয়সায় এক মিনিট টক টাইম পাবেন গ্রাহকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 04:17 PM

Updated : 13 Oct 2022, 12:38 PM

রোববার গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সুবিধা দেয়ার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সিতারা।

তিনি বলেন, “বাংলালিংকের উদ্ভাবন ‘মিনিট ব্যাক অন কল ড্রপ’ সেবা এদেশের মোবাইল ফোন বাজারে এক অনন্য সাধারণ নজিরবিহীন সংযোজন। আমাদের সার্বিক নেটওয়ার্ক যে আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তি সক্ষম- এটা তা প্রমাণ করে।”

জিয়াদ সিতারা বলেন, “মোবাইল ফোনে কথা বলার সময় কল ড্রপ হলে গ্রাহকরা ভীষণ বিরক্ত হয়।

“কয়েক বছর ধরে প্রচুর অর্থ বিনিয়োগ করে বাংলালিংকের নেটওয়ার্ক কাভারেজ আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে কল ড্রপের হার কমে একেবারে নিম্ন পর্যায়ে চলে আসবে।”

বর্তমানে দেশের ৬৪টি জেলাতেই থ্রিজি সেবা দিচ্ছে বাংলালিংক।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের বিপণন পরিচালক সোলায়মান আলম বলেন, “বাংলালিংক থেকে বাংলালিংক গ্রাহকরা এ সেবা পাবে। অন্যান্য অপারেটরদের সাথে কল ড্রপের ক্ষেত্রে বোঝা যাবে না কোন পয়েন্ট থেকে কল ড্রপ হচ্ছে।”

কল ড্রপ হলে তাৎক্ষণিকভাবে এক মিনিট ফ্রি টক টাইম ফেরত পাওয়ার তথ্য গ্রাহকরা এসএমএস-এ পাবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা পেরিহান ইলহামিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংকের গ্রাহক সংখ্যা তিন কোটিরও বেশি।