নেপালে ওয়ালটনের শোরুম
নেপালের পোখরায় এক্সক্লুসিভ শোরুম খুলেছে ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।
এই বিক্রয় কেন্দ্র থেকে ওয়ালটন পণ্য বিক্রির পাশাপাশি তা নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে সরবরাহ করা হবে বলে শনিবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পোখারা চেম্বার অফ কমার্সের সভাপতি বিন্দু কুমার থাপা গত ২০ সেপ্টেম্বর এ শো-রুমটি উদ্বোধন করেন।
শোরুম উদ্বোধনের সময় বিন্দু কুমার থাপা বলেন, “শুনেছি গুণে-মানে ওয়ালটন প্রোডাক্ট অনেক ভালো। দামে সাশ্রয়ী হওয়ায় তা নেপালের সব শ্রেনী-পেশার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। আশা করি ওয়ালটনের পন্য নেপালী জনগণের প্রাত্যহিক জীবনে সুখ-স্বাচ্ছন্দ এনে দেবে।”
নেপালে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর রিজার্ভ মাল্টিন্যাশনাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান নারজুনা গুরুং বলেন, “ক্রেতাদের মধ্যে এক ধরনের নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছি। আশা করছি নেপালের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে শীর্ষস্থানে নিয়ে যাব ওয়ালটনকে।”
ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, “বাংলাদেশের গ্রাহকরা ওয়ালটন পণ্য কিনে কখনো ঠকেননি। নেপালের ক্রেতারাও ঠকবেন না। ”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ফরেইন ট্রেড মনিটরিং বিভাগের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, পিআর এন্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, নেপালে ওয়ালটনের সোল ডিস্ট্রিবিউটর রিডা ইনকরপোরেটেড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সরফরাজ আনসারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা নওশাবা সরফরাজ প্রমূখ।
ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেশ কয়েক মাস ধরেই ওয়ালটনের ফ্রিজ, টিভি, মোবাইল ফোন, এয়ারকন্ডিশনার ও হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্য বাজারজাত করা হচ্ছে নেপালে।
