আমানত ‘নিচ্ছে না’ রূপালী ব্যাংক
উদ্বৃত্ত তারল্য বিনিয়োগ করতে না পেরে আমানত সংগ্রহ বন্ধ করে দিচ্ছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড।
চলতি মাসে ১০ দিনের ব্যবধানে দুইবারে সাতটি সঞ্চয় স্কিম বন্ধ করেছে ব্যাংকটি।
প্রথমে ৮ সেপ্টেম্বর ব্যাংকটি এক সার্কুলার জারি করে রূপালী দ্বিগুণ বৃদ্ধি স্কিম, রূপালী মাসিক মুনাফা স্কিম-রূপসী, রূপালী মাসিক সঞ্চয় স্কিম-স্বপ্ন, রূপালী মাসিক উপার্জন স্কিম ও রূপালী মিলিয়নিয়র ডিপোজিট স্কিমে নতুন কোন হিসাব না খোলার নির্দেশ দেয় শাখা ব্যবস্থাপকদের।
এর ১০দিন পর ১৮ সেপ্টেম্বর আরেকটি সার্কুলার জারি করে স্থগিত করে দেয় আরও দুটি স্থায়ী আমানত প্রকল্প।
একই সঙ্গে আরও তিনটি আমানত প্রকল্পের সুদ হার দশমিক ৫০ শতাংশ পয়েন্ট কমিয়েছে।
যেসব আমানত স্কিমে সুদ হার কমানো হয়েছে সেগুলো হচ্ছে- তিন মাস এবং তার বেশি কিন্তু ছয় মাসের কম, ছয় মাস এবং তার বেশি কিন্তু এক বছরের কম এবং এক বছর এবং তার বেশি কিন্তু সর্বোচ্চ তিন বছর মেয়াদি স্থায়ী আমানত।
ব্যাংকটি তাদের সার্কুলারে বলেছে,বর্তমানে ব্যাংকের উচ্চ সুদ হারের আমানত উত্তোরত্তর বৃদ্ধি পাওয়ায় কস্ট অব ফান্ড বেড়ে যাচ্ছে। এমতাবস্থায় কস্ট অব ফান্ড কমিয়ে আনার লক্ষ্যে উচ্চ সুদ হারের আমানত কমিয়ে নিম্ন সুদ হারের আমানত বাড়নোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন,“সামগ্রিকভাবে ঋণ চাহিদা কমে যাওয়ায় আমাদের হাতে অনেক তারল্য রয়েছে। যে কারণে আমরা আপাতত উচ্চ সুদের আমানত নিচ্ছি না।”
“ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। এসএমই খাতে ঋণ বাড়ানোর পাশাপাশি একটি পরিবারে একটি গাভী প্রকল্প, ব্যাংকের স্টাফদের এক লাখ টাকা পর্যন্ত কম্পিউটার লোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কনজুমার লোন, প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্স যাদের অ্যাকাউন্টে জমা হয় তাদের জন্য ২ লাখ টাকার কনজুমার লোন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”
তবে শিল্প খাতে এই মুহূর্তে ঋণ বাড়ানোর বিশেষ উদ্যোগ নেই জানিয়ে তিনি বলেন, “শিল্প খাতে ঋণ দিলে খেলাপি হয়ে যাবে। এজন্য আমরা ভালো প্রকল্প ছাড়া শিল্প ঋণ নিয়ে ভাবছি না।”
ব্যবস্থাপনা পরিচালক জানান, বর্তমানে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ মোট আমানতের ৫৪ শতাংশ। ব্যাংকটির মোট আমানতের পরিমাণ ২৩ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে করা সমঝোতা স্মারক অনুযায়ী ব্যাংকটির প্রতি তিন মাসে (ত্রৈমাকে) ঋণের প্রবৃদ্ধি ১২ শতাংশের বেশি হবে না।
সে কারণে চাইলে ব্যাংকটি ঋণ বাড়াতে পারছে না।
জুন শেষে রূপালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৭৪৬ কোটি টাকা, যা ব্যাংকটির ওই সময়ের বিতরণ করা ঋণের ১৫ দশমিক ৬ শতাংশ।
এদিকে কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে ব্যাংকটির মুনাফা বাড়লেও ২০১৩ সালে এসে ব্যাংকের মুনাফা অর্ধেকের বেশি কমে গেছে।
২০১৩ সালে রূপালী ব্যাংক ৪৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। যা আগের ২০১২ সালের তুলনায় ৬৩ শতাংশ কম।
২০১২ সালে ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ ছিল ১২২ কোটি টাকা। ২০১১ সালে ১০৯ কোটি টাকা এবং ২০১০ সালে ৬০ কোটি টাকা।
ব্যাংকটির ৯৬ শতাংশ শেয়ার সরকারের আর বাকি ৪ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়া আছে। বর্তমানে রুপালী ব্যাংকের শেয়ার ৬৫ টাকা দরে কেনাবেচা হচ্ছে।
