পশুরহাটে জাল টাকা সনাক্তে হাজারখানেক যন্ত্র
জাল টাকার বিস্তার ঠেকাতে এ বছর সারা দেশে কোরবানির পশুরহাটগুলোয় প্রায় হাজার খানেক জালনোট সনাক্তকরণ যন্ত্র নিয়ে সক্রিয় থাকবেন ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ঢাকার বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী পশুরহাটগুলোর জন্য নতুন ২৭৮টি যন্ত্র দেওয়ার পাশাপাশি গত বছর কোরবানি ঈদের সময় দেয়া ৪৯৫টি যন্ত্রও এবার কাজে লাগানো হবে।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ঢাকার ২১টি পশুরহাটে অন্তত দুটি এবং ঢাকার বাইরে ৪১টি পশুরহাটে একটি করে বুথ বসাবে বিভিন্ন ব্যাংক, যেখানে দুটি করে জাল নোট সনাক্তকরণ যন্ত্র থাকবে।
বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার পশুরহাটগুলোয় নতুন-পুরোনো মিলিয়ে প্রায় এক হাজার জালনোট সনাক্তকরণ যন্ত্র নিয়ে ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সক্রিয় থাকবেন।”
এছাড়া রোজার ঈদে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর মাধ্যমে ঢাকাসহ সারাদেশের বড় বড় বিপণিবিতানে দেওয়া ১৩০টি যন্ত্র এই ঈদেও ব্যবহার করা হবে। ঈদের আগের রাত ১২টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।
কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা জানান, পশুরহাটে জালনোটের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দেশের নয়টি গোয়েন্দা উইংকে অনুরোধ জানানো হয়েছে।
ঈদ উপলক্ষে নতুন নোট
ঈদুল আজহা উপলক্ষে সাড়ে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। রোববার এসব নতুন নোট বাজারে ছাড়া হবে।
এবারও একজন একবারে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার টাকার সমপরিমাণ নতুন নোট নিতে পারবেন।
রাজধানীবাসীর নতুন টাকা প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে চারটি ও ১৮টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখায় বিশেষ কাউন্টার খোলা হচ্ছে।
শাখাগুলো হলো- জনতা ব্যাংকের আবদুল গনি রোড করপোরেট শাখা ও নিউমার্কেট শাখা, সোনালীর রমনা, অগ্রণীর এলিফ্যান্ট রোড, রূপালীর মহাখালী, প্রাইমের মালিবাগ ও মিরপুর, পূবালীর সদরঘাট, ন্যাশনালের যাত্রাবাড়ী, ইসলামী ব্যাংকের শ্যামলী, মার্কেন্টাইলের বনানী, সাউথইস্টের কাওরানবাজার, উত্তরা ব্যাংকের চকবাজার, ওয়ান ব্যাংকের বাসাবো, এসআইবিএলের বসুন্ধরা সিটি মার্কেট, আইএফআইসির গুলশান, ফার্স্ট সিকিউরিটির মোহাম্মদপুর, ব্যাংক এশিয়ার ধানমন্ডি, ঢাকা ব্যাংকের উত্তরা এবং ডাচ্-বাংলার দক্ষিণখানের এসএমই অ্যান্ড কৃষি শাখা।
এছাড়া চট্টগ্রাম, খুলনা ও সিলেট শহরে পাঁচটি করে এবং বরিশাল, রংপুর ও রাজশাহী অঞ্চলে তিনটি করে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কাউন্টার খোলা হবে।
