২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-পূজার আগে পর্যায়ক্রমে গার্মেন্ট ছুটি

ঈদ ও পূজায় গ্রামের বাড়িতে যাওয়ার সময় পথে যানজটের চাপ কমাতে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিতে বলেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 02:08 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “বিজিএমইএ ও বিকেএমইএ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর চারদিন পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলেছি।”

ছুটির আগে নিয়ম অনুযায়ী বেতন ও বোনাস পরিশোধের কথাও কারখানা মালিকদের মনে করিয়ে দেয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

তিনি বলেন, “পর্যায়ক্রমে ছুটি দিলে পথে যানজটের চাপ অনেকাংশে কমে যাবে; তাই এ নির্দেশ।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারাও এ বৈঠকে অংশ নেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “নেতৃবৃন্দ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, এবার ঈদ ও পূজায় বেতন, বোনাস ও ছুটির জন্য কোনো ঝামেলা হবে না।”

মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের এ দুটি বড় উৎসব ঘিরে ছুটিতে সাধারণ মানুষের বাড়ি ফেরা নিরাপদ করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ঈদে বাড়ি ফিরতে একটু ভিড় হয়। তবে তা সহনীয় হবে বলে আশা করছি।

অন্যদের মধ্যে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন।