‘উত্তর আমেরিকায় পোশাক রপ্তানি বেড়েছে’
রানা প্লাজা ধ্বসের পর বিভিন্ন কারাখানা পরিবেশ নিশ্চিতে নেয়া নানা সংস্কারমূলক কাজের মধ্যেই উত্তর আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিক্রি বেড়েছে বলে জানিয়েছে সেখানকার ক্রেতাদের একটি জোট।
‘অস্থিরতা’ না থাকলে বাংলাদেশের রপ্তানি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে তারা।
উত্তর আমেরিকার ২৬টি পোশাক বিক্রেতা ব্র্যান্ডের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির ব্যবস্থাপনা পরিচালক পরিচালক মেসবাহ রবিন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “গত অর্থবছরে আমাদের অ্যালায়েন্সের সদস্যভুক্ত ব্র্যান্ড ও ক্রেতারা বাংলাদেশ থেকে তার আগের বছরের চেয়ে এক শতাংশ বেশি মূল্যের পোশাক কিনেছেন।”
ওই সময়ে জোটভুক্ত ব্র্যান্ডের ক্রেতারা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডার বাজারে ৪০০ কোটি ডলারের পোশাক পাঠিয়েছেন বলে জানান রবিন।
গত অর্থবছরে তৈরি পোশাক পণ্য রপ্তানি হয়েছে ২ হাজার ৪৪৯ কোটি ডলার, যা মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশ।
গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ট্রাজেডি এবং তার কয়েক মাস আগেই আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে বাংলাদেশের পোশাক শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা নিয়ে সারা পৃথিবীতে হৈ চৈ শুরু হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও উত্তর আমেরিকার ক্রেতারা অ্যাকর্ড ও অ্যালায়েন্স নামে দুটি জোট গঠন করে। পরে এ দুইটি জোটের পরিদর্শকরা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানার কর্মপরিবেশ খতিয়ে দেখার উদ্যোগ নেয়।
দেশের সাড়ে তিন হাজারেরও বেশি সক্রিয় পোশাক কারখানার মধ্যে অ্যালায়েন্স প্রায় ৬০০ এবং অ্যাকর্ড প্রায় এক হাজার ৬৫০টি কারখানার কর্মপরিবেশ খতিয়ে দেখছে।
এসব কারখানা থেকে বাংলাদেশের মোট তৈরি পোশাকের ৮৬ শতাংশ উৎপাদন হচ্ছে, যা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়।
অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির জোট গঠনের এক বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেসবাহ রবিন জানান, তারা ৫৮৭টি কোম্পানি পরিদর্শন শেষ করেছেন। এরমধ্যে অনিরাপদ পরিবেশের কারণে ছয়টি কারখানা সম্পূর্ণ এবং ৯টি কারখানা আংশিক বন্ধ হয়ে গেছে।
বাকি কারখানাগুলোর মধ্যে প্রতিটি কারখানায় গড়ে ৪৫টি ত্রুটি রয়েছে এবং প্রতিটি কারখানার সংস্কারের জন্য গড়ে আড়াই লাখ ডলার খরচ হবে বলেও জানান তিনি।
বাংলাদেশের পোশাক শিল্পে এসব সংস্কারের প্রভাব সম্পর্কে জানতে চাওয়া হলে রবিন বলেন, “যদি স্বাভাবিক অবস্থা বিরাজ করে, অস্থিরতা না থাকে, তাহলে কেন রপ্তানি বাড়বে না!”
