চট্টগ্রামে মঙ্গলবার থেকে আয়কর মেলা
সারাদেশের মতো চট্টগ্রামেও আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।
বুধবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের আয়কর বিভাগ জানায়, নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে ১৬ সেপ্টেম্বর সকালে এই মেলার উদ্বোধন করা হবে।
এর আগে একই জায়গায় সোমবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়কর দিবস পালন করা হবে যাতে চট্টগ্রাম অঞ্চলের আয়কর দাতাদের সম্মাননাও দেয়া হবে।
দুদিনই প্রধান অতিথি আয়কর দিবসের অনুষ্ঠানেও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে জাতীয় আয়কর দিবস-২০১৪ উদযাপন কমিটির আহ্বায়ক চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. দবির উদ্দিন বলেন, “করবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সাধারণের মধ্যে কর বিষয়ে অহেতুক ভীতি দূর করতেই প্রতিবছরের মতো এবারও করমেলার আয়োজন করা হয়েছে।”
তিনি জানান, এই মেলার মাধ্যমে করবিভাগের সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধি ছাড়াও করদানে উৎসাহ সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০১৩-১৪ অর্থ বছরে চট্টগ্রাম অঞ্চলে মোট করদাতার সংখ্যা দুই লাখ ৬১ হাজার ৭৫০ জন, যা গতবারের চেয়ে ১৮ হাজার ৩৪৩ জন বেশি।
এই অর্থ বছরে আয়কর রিটার্ন দাখিল হয়েছে এক লাখ ১১ হাজার ৭৫২টি, যা গতবারের চেয়ে চার হাজার ৪৪টি বেশি। ২০১৩-১৪ অর্থবছরে চট্টগ্রাম করবিভাগে কর আদায় হয়েছে ছয় হাজার ৩৯৩ কোটি যা আগেরবারের চেয়ে ৯৫১ কোটি টাকা বেশি।
কর কমিশনার দবির উদ্দিন জনান, করপ্রদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হওয়ায় প্রতি বছরই আয়কর মেলায় আয়কর প্রদানকারী ও রিটার্ন দাখিলকারীর সংখ্যা বাড়ছে।
গত চট্টগ্রামে আয়কর মেলায় ২৭৬ কোটি টাকা আাদয় এবং ১৯ হাজার ৪৩৭টি রিটার্ন জমা পড়েছিল। ২০১২-১৩ অর্থবছরের মেলায় রিটার্ন দাখিল হয় ১১ হাজার ৬৮৪টি এবং আয়কর আদায় হয় ১২৬ দশমিক ৪৫ কোটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি করবছরে (২০১৪-১৫) চট্টগ্রামের চারটি কর অঞ্চল থেকে সাত হাজার ৮০০ কোটি টাকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
কর কমিশনার দবির উদ্দিন বলেন, “করদাতারা আয়কর মেলায় তাদের ২০১৪-১৫ কর বর্ষের রিটার্ন ও কর জমা দেয়া ছাড়াও ইটিন রেজিস্ট্রেশন করতে পারবেন।”
শীতাতপ নিয়ন্ত্রিত এ মেলায় প্রতিটি কর অঞ্চল/সার্কেলের জন্য পৃথক বুথ থাকবে। এছাড়া মেলায় সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথ থাকবে যেখানে করদাতারা তাদের আয়কর জমা দিতে পারবেন।
১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ আয়কর মেলা চলবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর অঞ্চল-২ এর কমিশনার অপূর্ব কান্তি দাশ, কর অঞ্চল-৩ এর কমিশনার মো. নজরুল ইসলাম, কর অঞ্চল-৪ এর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, কর আপিল অঞ্চল, চট্টগ্রামের কমিশনার সেলিম আফজাল, অতিরিক্ত কর কমিশনার সৈয়দ আবু দাউদ প্রমুখ।
