লেনদেনে অনিয়ম: দুই ব্রোকার হাউজকে জরিমানা
ধারাবাহিক লেনদেনে জড়িত থাকার দায়ে ফার্স্ট সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস ও হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা।
এছাড়া ফার্স্ট সিকিউরিটিজের প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা কাজী সাইফুর রহমানকে ১০ লাখ টাকা জরিমানার পাশাপাশি পাঁচ বছর শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্চেন্ট ব্যাংকের শীর্ষ পদে থেকে শেয়ার ব্যবসায় জড়িত ও ধারাবাহিক লেনদেনের দায়ে মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এসব সিদ্ধান্ত হয়।
২০১৩ সালের ৮ এপ্রিল থেকে ২৮ জুলাই পর্যন্ত ফার্স্ট সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বিও হিসাব, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুর রহমানের নিজের হিসাব এবং হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের নামে দুটি ব্রোকারেজ হাউসে পরিচালিত পৃথক দুটি বিও হিসাবের মাধ্যমে এ লেনদেন হয়েছে বলে বিএসইসির তদন্ত প্রতিবেদনে বলা হয়।
হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মিসেস শাহানা তাসনিম লোপা, যিনি কাজী সাইফুর রহমানের স্ত্রী।
গত বছরের ২৫ জুলাই বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি সাধারণ শেয়ারের বিপরীতে পাঁচটি রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়, যা বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অনুমোদিত হওয়ার কথা।
এরপর গত বছরের ১ সেপ্টেম্বর বঙ্গজ লিমিটেডের সঙ্গে ইস্যু ব্যবস্থাপনা ও অবলেখন চুক্তি করে ফার্স্ট সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস।
বিএসইসি গঠিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কাজী সাইফুর রহমান, ফার্স্টসিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস ও হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের কার্যকলাপ অসৎ উদ্দেশ্যে পরিচালিত, যা ধারাবাহিক লেনদেনের পর্যায়ে পড়ে।
এদিকে আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) সংক্রান্ত দাখিল করা প্রসপেক্টাসে অসত্য তথ্য সরবরাহ করায় ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া আইপিওর প্রস্তাবে ওই কোম্পানির অসত্য তথ্য যাচাই-বাছাই না করে ডিউ ডিলিজেন্স সনদ দেয়ায় ইস্যু ব্যবস্থাপক ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডকে আরো ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
