২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ায় টেলিনরের ইন্টারনেট গ্রাহক হবে সাড়ে ৪ কোটি

চলতি বছর শেষে এশিয়ার ছয়টি বাজারে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিনরের ইন্টারনেট গ্রাহকসংখ্যা বেড়ে সাড়ে চার কোটিতে দাঁড়াবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 11:07 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

এই লক্ষ্য অর্জন হলে তা মোট ইন্টারনেট ব্যবহারকারী ১৬ কোটি গ্রাহকের এক তৃতীয়াংশ হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এশিয়ায় প্রতিষ্ঠানটির বর্তমান গ্রাহকদের মধ্যে ২০ শতাংশ নিয়মিত মোবাইল ডাটা ব্যবহার করে।

টেলিনর গ্রুপের ইভিপি এবং হেড অব এশিয়া অপারেশন্স সিগভে ব্রেক্কে বলেন ,“এশিয়ায় ‘সবার জন্য ইন্টারনেট’ এ লক্ষ্য অর্জনে আমরা আরো একধাপ এগিয়ে গেছি। আমাদের লক্ষ্য উচ্চাকাঙ্খী হতে পারে, কিন্তু এশিয়ার বাজারে দীর্ঘমেয়াদে মোবাইল ইন্টারনেট সেবা দিতে আমাদের অবস্থান দৃঢ়।

“এশিয়ায় এ বছর মোবাইল ইন্টারনেট বৃদ্ধির যে সংখ্যা আমরা আশা করছি, তাতে ‘সবার জন্য ইন্টারনেট’ লক্ষ্যমাত্রা অর্জনের পথে আমরা ভালোভাবেই এগিয়ে যাচ্ছি।”

এশিয়ার বাজারে গত দুই বছরে টেলিনর মোবাইল ডাটা ব্যবহার অপ্রত্যাশিত বৃদ্ধি এবং ব্যাপক চাহিদা দেখেছে।

থাইল্যান্ডের মোবাইল ইন্টারনেট ব্যবহার দ্বিগুণের কাছাকাছি, অর্থাৎ ১৮ শতাংশ থেকে বেড়ে ৩২ শতাংশ হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থাইল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তানে থ্রিজি স্পেকট্রাম পেয়েছে টেলিনর। ভারতে পেয়েছে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে অতিরিক্ত স্পেকট্রাম এবং বিশ্বের সর্বশেষ সম্ভাবনাময় বাজার মিয়ানমারে ৯০০ মেগাহার্টজ এবং ২.১ গিগাহার্টজ ব্যান্ডে স্পেকট্রাম পেয়েছে।

২০১৪ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত এশিয়ায় টেলিনর গ্রুপের মোট ১৫৮ মিলিয়ন ভয়েস, টেক্সট এবং ডাটা গ্রাহক আছে।

টেলিনর গ্রুপ একটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ, ডাটা এবং মিডিয়া কমিউনিকেশন সেবাদানকারী প্রতিষ্ঠান।

নর্ডিক অঞ্চল, মধ্য ও পূর্ব ইউরোপ এবং এশিয়ার ১৩টি বাজারে টেলিনর গ্রুপ কাজ করছে। এছাড়াও ভিম্পেলকম লিমিটেডের সঙ্গে ৩৩ শতাংশ মালিকানা নিয়ে ১৭টি বাজারে টেলিনর গ্রুপের অবস্থান আছে।

বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর টেলিনরের মোট গ্রাহক সংখ্যা ২০১৪ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত ১৭ কোটি ৬০ লাখ। একই সময়ে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় হয়েছে নরওয়ের মুদ্রায় ২ হাজার ৬৮০ কোটি ক্রোন। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ৩৩ হাজার।