২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেধাবী তরুণরা আউটসোর্সিং এগিয়ে নিচ্ছে: পলক

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের তরুণদের দক্ষতার প্রশংসা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও মেধাবী তরুণরা আউটসোর্সিং এগিয়ে নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 09:23 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সোমবার ডিজিকন লজিস্টিকস লিমিটেড পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পলক বলেন, “২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে আমরা বদ্ধ পরিকর। সরকারের নিরলস সহযোগিতার ফলে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও আউটসোর্সিং এগিয়ে যাচ্ছে। কারণ আমাদের তরুণরা মেধাবী ও দক্ষ।”

ডিজিকন লজিস্টিকস সততা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে কল সেন্টার পরিচালনার মাধ্যমে আউটসোর্সিং সেবা দিয়ে দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়তা করছে বলেও তিনি মন্তব্য করেন।

ডিজিকনের সিইও ওয়াহীদ শরীফ প্রতিমন্ত্রীকে জানান, তারা স্যামসাং, টেলিটক, এয়ারটেল, ওলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বিভিন্ন সংস্থাকে সেবা দিচ্ছেন। এ সেবার পরিধি দিন দিন বাড়ছে।

বাংলাদেশে কল সেন্টারকে ‘একটি পূর্ণাঙ্গ শিল্প’ হিসাবে গড়ে তুলতে কী কী প্রতিবন্ধকতা রয়েছে- সে বিষয়ে ডিজিকনের কর্মীদের কাছে জানতে চান প্রতিমন্ত্রী পলক।

আউটসোর্সিংকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তিনি এ সময় তুলে ধরেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি আহমদুল হকও এ সময় উপস্থিত ছিলেন।