২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে বিক্রয় ডটকমের নাচের প্রতিযোগিতা

অনলাইনে নাচের প্রতিযোগিতা শুরু করেছে অনলাইন মার্কেট প্লেস ‘বিক্রয় ডট কম’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 08:23 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সোমবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি ৩ অক্টোবর পর্যন্ত চলবে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে বিক্রয় ডটকমের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেসের স্বীকৃতি পাওয়ার আনন্দকে গত সপ্তাহে আমরা ফ্লাশমবের মাধ্যমে উদযাপন করেছি।

“ভিডিওটি এত জনপ্রিয়তা পেয়েছে যে আমরা এখন সারা দেশ থেকে নাচের প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছি।” 

তিনি জানান, আগ্রহীদের বিক্রয় ডটকমের টিউনের সঙ্গে নাচ পরিবেশন করতে হবে। এরপর সেটি ভিডিও করে ইউটিউবে আপলোড করে লিঙ্কটি competition@bikroy.com ঠিকানায় মেইল করতে হবে।

বিজ্ঞপ্তিতে বিক্রয় ডটকম জানায়, নাচের পরিবেশনাটি দলীয় কিংবা এককভাবে হতে পারে। তবে যত বড় নাচের দল, জেতার সুযোগ থাকবে ততই বেশি।

এতে বলা হয়, আগ্রহীদের পাঠানো ভিডিও থেকে সবচেয়ে সুন্দর নাচের ভিডিওগুলো বাছাই করে বিক্রয় ডটকম তাদের ফেসবুক ফ্যান পেজে শেয়ার করবে।

এরপর যে ভিডিওটিতে সবচেয়ে বেশি লাইক পড়বে, সেটিই হবে এক লাখ টাকার পুরস্কার বিজয়ী।

ফেসবুক পেজেই বিজয়ীর ঘোষণা করার পাশাপাশি বিক্রয় ডটকম পুরস্কার জয়ীর সঙ্গে  ফোনেও যোগাযোগ করবে।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং বিক্রয় ডটকমের টিউনটি বিক্রয় ডটকমের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।