২ মাসেও রপ্তানি আয়ে লক্ষ্য পূরণ হয়নি
চলতি অর্থবছরের দ্বিতীয় মাস ধরেও দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
২০১৪-১৫ অর্থবছরের প্রথম দুই মাস মিলে লক্ষ্যমাত্রার চেয়ে ৯ শতাংশ কম রপ্তানি আয় দেশে এসেছে।
রোববার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ তথ্যানুযায়ী, এই অর্থবছরের জুলাই-অগাস্ট সময়ে ৫৬৬ কোটি ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে বিভিন্ন পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৫১৪ কোটি ২২ লাখ ডলার।
এসময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পেশাক শিল্পের উভেন ও নিট পণ্যের রপ্তানিতেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
তবে চলতি বছরের জুলাই-অগাস্ট সময়ে গত বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ০৭ শতাংশ আয় বেশি এসেছে। ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-অগাস্ট সময়ে রপ্তানি আয় হয়েছিল ৫০৩ কোটি ৭৭ লাখ ডলার।
অস্থির রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুতে বহির্বিশ্বে সমালোচনার মধ্যেও আগের অর্থবছরের তুলনায় গত অর্থবছর আয় প্রায় ১২ শতাংশ বেশি ছিল।
আর জুলাই-অগাস্ট সময়ে আয় বেড়েছিল ১৫ শতাংশ।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অগাস্ট সময়ে সবচেয়ে বেশি আয় হয়েছে নিট পোশাক রপ্তানি থেকে, ২৬০ কোটি ৬৩ লাখ ডলার।
এটি গত বছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ বেশি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২ শতাংশ কম।
এসময়ে উভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২০২ কোটি ৫৪ লাখ ডলার, যা লক্ষ্যমার চেয়ে ১৩ দশমিক ১৭ এবং গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ কম।
তৈরি পোশাকের মতো জুলাই-অগাস্ট সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকেও আয় কমেছে ১১ শতাংশ। কৃষিজাত পণ্য রপ্তানি কমেছে ১৪ শতাংশ। টেরি টাওয়েল থেকে আয় কমেছে ৪৬ শতাংশ।
তবে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও জুলাই-অগাস্টে হিমায়িত মাছ রপ্তানি বেড়েছে ৩ শতাংশ। এছাড়া ওষুধ রপ্তানি ২৫ শতাংশ, চামড়া ও চামড়াজাত দ্রব্য ১৮ শতাংশ এবং সিরামিক রপ্তানি ১৭ শতাংশ বেড়েছে।
রাসায়নিক দ্রব্য রপ্তানি বেড়েছে ৩১ শতাংশ।
২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৩২০ কোটি (৩৩ দশমিক ২০ বিলিয়ন) ডলার।
আর গত অর্থবছরে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ মোট ৩ হাজার ১৮ কোটি ডলার আয় করে।
