২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএসইতে ইন্টারনেট ট্রেডিং মেলা সেপ্টেম্বরেই

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) উদ্যোগে এ মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারনেট ট্রেডিং বিষয়ক মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 07:37 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

বুধবার সিএসইর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ এক সংবাদ সম্মেলনে বলেন, “পুঁজিবাজার পরিচালনা উন্নত করার উদ্দেশে সেপ্টেম্বরের শেষ দিকে ইন্টারনেট ট্রেডিং বিষয়ে মেলার আয়োজন করা হচ্ছে।”

তিনি বলেন, “সিইসিতে ১৯৯৮ সাল থেকে ইন্টারনেট ট্রেডিং হচ্ছে- তা অনেকেই জানেন না। এটা জানাতেই মেলার আয়োজন।”

সিএসইর আধুনিকায়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন আবদুল মজিদ।

তিনি বলেন, ২০১৩ সালের ২১ নভেম্বর সিইসি ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ হিসেবে যাত্রা শুরু করে সিএসই। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়।

“আইপিও আবেদন সহজ করতে সেপ্টেম্বরে চালু করা নতুন আইপিও আবেদন পদ্ধতি সেকেন্ডারি মার্কেটের জন্য সহায়ক হবে।”

বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির জন্য এক্সচেঞ্জের পক্ষ থেকে কয়েকটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে বলেও জানান চেয়ারম্যান।

তিনি বলেন, “সাধারণ বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক ধারণার সঙ্গে বাস্তবতার সম্মিলন ঘটাতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমরা চাই ভুল তথ্য ও বিশ্লেষণের কারণে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়।

পাঠ্যপুস্তকে পুঁজিবাজার বিষয় অর্ন্তভুক্ত করার ব্যাপারে সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবকে স্বাগত জানান সিএসই চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে সিএসইর পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নতুন আইপিও ব্যবস্থায় সাবসক্রিপশন থেকে শেয়ার ট্রেডিং পর্যন্ত সাত সপ্তাহ সময় লাগত। এখন লটারিতে যারা অসফল তাদের টাকা দ্রুত অ্যাকাউন্টে ফিরে আসবে। পুরো প্রক্রিয়া চার সপ্তাহে শেষ হবে।

পরে সিএসইর ট্রেক (টিআরইসি) হোল্ডারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

সিএসইর পরিচালক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ড. মইনুল ইসলাম মাহমুদ, শফিউল ইসলাম, শওকত হোসেন, সামসুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন ও প্রধান রেগুলেটরি কর্মকর্তা আহমেদ দাউদ এ সময় উপস্থিত ছিলেন।