২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবির পরিশোধিত মূলধন হাজার কোটি টাকা করার উদ্যোগ

রাষ্ট্রায়ত্ত বাণিজ্য সংস্থা ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) পরিশোধিত মূলধন এক হাজার কোটি টাকা করে এ সংক্রান্ত বিল সংসদে উত্থাপন করা হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 10:17 PM

Updated : 25 Apr 2022, 04:38 PM

বুধবার সংসদে ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’ উত্থাপন করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

পরে বিলটি পরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৭২ সালের টিসিবি গঠন সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ সংশোধনের জন্য বিলটি উত্থাপন করা হয়েছে।

প্রস্তাবিত আইনে টিসিবি’র বোর্ড সদস্য সংখ্যা পাঁচজন করা হয়েছে। এর মধ্যে একজন চেয়ারম্যান, তিনজন পূর্ণকালীন পরিচালক ও দুইজন খণ্ডকালীন পরিচালক রাখার বিধান রাখা হয়েছে।

বর্তমানে একজন চেয়ারম্যান ও একজন পরিচালক রয়েছে টিসিবিতে।

বিলে টিসিবির পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, “নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য বাফার স্টক (আপৎকালীন মজুদ) সৃষ্টি ও প্রয়োজনে সামাজিক নিরাপত্তা বলয়ের অধীনে দরিদ্র শ্রেণীর মধ্যে সুলভমূল্যে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য টিসিবির অনুমোদিত মূলধন বৃদ্ধি আবশ্যক।”

“এছাড়া বোর্ডের পরিচালক মনোনয়নের সুনির্দিষ্ট প্রস্তাবিত রূপরেখা কার্যকর হলে টিসিবির কর্মকাণ্ডে আরো গতিশীলতা আসবে।”