শাহবাজপুরে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন
ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের তিন নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানির (বাপেক্স) প্রকল্প পরিচালক আব্দুল হালিম জানান, বাপেক্সের নিজস্ব প্রযুক্তিতে খনন করা এ কূপ থেকে রোববার সকালে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
“কিছুদিনের মধ্যেই এ কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে,” বলেন তিনি।
১৯৯৪ সালে আবিষ্কৃত ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে দশমিক ৪৬৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এই গ্যাস ক্ষেত্রের ১ ও ২ নম্বর কূপ থেকে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ দশমিক ৩৫ ট্রিলিয়ন ঘনফুট।
বাপেক্সের সহকারী ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, এর আগে খনন করা কূপের উত্তোলন করা গ্যাস থেকে ভোলায় ভেনচার এনার্জি রিসোর্স লিমিটেডের ৩৪ দশমিক ৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্টে সরবরাহ করা হচ্ছে। এছাড়া ভোলার বোরহানউদ্দিনে নির্মাণাধীন ২২৫ মেগাওয়াট গ্যাস ভিত্তিক পাওয়ার প্লান্ট উৎপাদনে গেলে গ্যাসের চাহিদা বেড়ে যাবে তাই তিন নম্বর কূপ প্রস্তুত রাখা হচ্ছে।
