ন্যানো এল বাংলাদেশে
টাটা মটরসের বহুল আলোচিত গাড়ি ন্যানো এখন বাংলাদেশেই মিলছে।
নিটল মটরস লিমিটেড বাংলাদেশে এই গাড়িটি বাজারজাত করছে, যা কিনতে ব্যয় হবে ৮ লাখ টাকা। তবে উদ্বোধন উপলক্ষে শুক্রবার পর্যন্ত ১ লাখ টাকা ছাড়ে পাওয়া যাবে এই গাড়ি।
বুধবার সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলে এই গাড়ির বাংলাদেশে বাজারজাতকরণ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, টাটা মটরসের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস জনি ওমম্যান, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোশাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
কয়েক বছর আগে টাটা মটরস ঢাক-ঢোল পিটিয়ে মধ্যবিত্ত ক্রেতাদের ধরতে কম দামি গাড়ি হিসেবে ন্যানো ভারতের বাজারে নামায়। তবে ভারতের বাজারে খুব বেশি সাড়া পায়নি এই গাড়ি।
নিটল-নিলয় গ্রুপ অনেক দিন ধরেই বাংলাদেশের বাজারে ন্যানো আনার কথা বলে আসছিল, বুধবার তা আনুষ্ঠানিকভাবে শুরু করল।
অনুষ্ঠানে টাটা মটরস ও নিটল মটরসের পক্ষ থেকে ৭০০ সিসি’র নিচের গাড়ির ওপর বাংলাদেশে যে সম্পূরক শুল্ক আছে, তা তুলে নিতে সরকারে প্রতি আহ্বান জানানো হয়।
এই দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী আমদানির পরিবর্তে বাংলাদেশেই গাড়ি উৎপাদনের জন্য উদ্যোক্তাদের আহ্বান জানান।
৭০০ সিসির নিচের গাড়ির ওপর বর্তমানে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে।
মাতলুব আহমেদ বলেন, “ন্যানো থেকে সম্পূরক শুল্ক তুলে নিলে গ্রাহক পর্যায়ে ১ লাখ ১০ হাজার টাকা দাম কম পড়বে। এতে দেশের স্বল্প আয়ের মানুষ আরো সহজে গাড়ি ব্যবহার করতে পারবে।”
ন্যানোর দাম ধরা হয়েছে ৭ লাখ ৯৯ হাজার টাকা। আর কিস্তিতে নিলে ২ লাখ ৯৯ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ১৯ হাজার ৫০০ টাকার ৪২টি মাসিক কিস্তিতে নিতে পারবেন গ্রাহকরা।
এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য এর চেয়ে ৫০ হাজার টাকা কম দামে অর্থাৎ ৬ লাখ ৪৯ হাজার টাকায় দেয়া হবে, আর কিস্তিতে নিতে চাইলে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “বাংলাদেশ এগোচ্ছে, আশা করছি ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। আমরা চাই বাংলাদেশে এরকম গাড়ি তৈরি হবে। উদ্যোক্তারা সেরকম উদ্যোগ নেবেন, সরকার পাশে থাকবে।”
মসিউর রহমান বলেন,“সম্পূরক শুল্ক আরোপ করা হয় স্থানীয় শিল্পকে সুরক্ষা দেয়ার জন্য। ন্যানো গাড়িটি আমাদের দেশের জন্য উপযোগী হবে বলে আমার বিশ্বাস। আমরা চাই, আস্তে আস্তে দেশেই ন্যানো উৎপাদন হবে।”
এফবিসিসিআই সভাপতি কাজী আকরামও টাটাকে বাংলাদেশেই গাড়ি তৈরি করার আহ্বান জানান।
টাটা মটরসের ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান জনি ওমম্যান বলেন, “বাংলাদেশে অর্থনৈতিক পরিস্থিতি মানুষের জীবনযাপন, রাস্তাঘাট সব বিবেচনায় নিয়ে আমরা গাড়িটি তৈরি করেছি। আশা করছি, এখানকার জনসাধারণ ন্যানো পছন্দ করবে।”
নিটল-নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোশাব্বির আহমেদ বলেন, এই গাড়িটি জ্বালানি সাশ্রয়ী। মাত্র ৪ ফুট জায়গার মধ্যে ঘুরতে পারে। ঢাকার রাস্তাঘাট, যানবাহন পরিস্থিতিতে এটি খুবই উপযোগী গাড়ি।
মাতলুব বলেন, “অনেকদিন ধরেই আমরা ন্যানো বাজারে নিয়ে আসার কাজ করছি। এরমধ্যে অনেকেই এই গাড়ি বিষয়ে আগ্রহ দেখিয়েছে। অনেকে আগাম বুকিং দিতে চেয়েছে। আমাদের পরিবেশকরাও ব্যাপক আগ্রহ নিয়ে বসে আছে।”
তিনি বলেন,“গাড়িটির ভেতরে টাকা বা মূল্যবান বস্তু রাখার জন্য রয়েছে বিশেষ নিরাপদ ব্যবস্থা। ন্যানো টুইস্টই পৃথিবীর প্রথম গাড়ি, যাতে রয়েছে সেইফ বক্স।”
দুই বছর বা ১৫ হাজার কিলোমিটার চলা ওয়ারেন্টি পাচ্ছেন ন্যানোর ক্রেতারা। “এসময়ের মধ্যে বেশকিছু বিষয়ের দায়দায়িত্ব আমরা নেব,” বলেন মাতলুব।
জনি ওমম্যান জানান, নেপাল ও শ্রীলঙ্কার পর বাংলাদেশে ন্যানো নিয়ে এসেছেন তারা। ওই দুটো দেশে এ পর্যন্ত ৬ হাজার ন্যানো গাড়ি বিক্রি হয়েছে। আর ভারতের বিক্রির সংখ্যা ১ লাখ ২০ হাজার।
ন্যানোতে যা আছে
ন্যানো গাড়ির বৈশিষ্ট সম্পর্কে নিটল মটরসের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যানো একটি নতুন স্মার্ট গাড়ি যার রয়েছে ইলেকট্রিক পাওয়ারের স্টিয়ারিং ব্যবস্থা, রয়েছে ইপাস সুবিধা। এটি এমনভাবে তৈরি হয়েছে সংকীর্ণ ড্রাইভিং ও পার্কিং পরিস্থিতিতে সুবিধা পেতে পারে।
ন্যানো নিয়ে টাটা মটরসের কর্ণধার রতন টাটা
শীতাতাপ নিয়ন্ত্রিত এই গাড়ির রয়েছে রিয়ার বাম্পারে ব্লাক ড্যাশ, এয়ার এক্সট্রাক্টর গ্রিল, নতুন ধরনের সি পিলার ট্রিম।
এর আরও রয়েছে মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন, ওয়াটার কুলড, স্বাভাবিক এস্পিরেটেড, ফোর স্পিড ম্যানুয়েল ট্রান্সমিশন। ইঞ্জিন ৩৮ পিএস শক্তি ও ৫১ এনএম টর্ক উৎপন্ন করে।
ছয়টি রংয়ে এই গাড়িটি পাওয়া যাচ্ছে। রংগুলো হচ্ছে ড্যামসন পার্পল, পার্ল হোয়াইট, রয়েল গোল্ড, পাপায়া অরেঞ্জ, মিটিয়র সিলভার এবং ড্যাজেল ব্লু।
