২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ কৃষক ও ৩ প্রতিষ্ঠানকে কৃষি পদক

কৃষিখাতে বিশেষ অবদানের জন্য দুই কৃষক ও তিন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2014, 05:31 PM

Updated : 13 Oct 2022, 12:28 PM

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ব্যাংকটির বিচারে এ বছর সেরা কৃষকের (পুরুষ) পুরস্কার পেয়েছেন বরিশালের খান আসাদুজ্জামান। মৎস ও ফলচাষ এবং গবাদি পশু পালনে বৈচিত্র আনার জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়।

পোল্ট্রি ও গবাদি পশুর খামার করে বিশেষ অবদানের জন্য সেরা কৃষকের (নারী) পুরস্কার পেয়েছেন ফরিদপুরের আলিয়া বেগম।

উদ্ভাবন ও গবেষণা শ্রেণিতে সেরা পুরস্কার পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান। একই শ্রেণিতে বিশেষ পুরস্কার দেয়া হয়েছে লাল তীর সীড লিমিটেডকে।

কৃষি যন্ত্রপাতির ব্যবহার সহজ করে তোলার জন্য সেরা সহযোগী প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে আলিম ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির পাওয়ার থ্রেশার বা মাড়াই কল, ভেন্টিলেটিং ড্রায়ার বা শস্য শুকানোর যন্ত্র ও রাইস রিপার বা ধান কাটার যন্ত্রসহ অন্যান্য কৃষিপণ্য পুরস্কারের জন্য বিবেচনায় আনা হয়েছে।

কৃষিপণ্য রপ্তানিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। এই প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং জাপানের মতো উন্নত অনেক দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে থাকে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড় অংশ আসে কৃষি থেকে।

সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও কৃষিখাতের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব বলেন, “আমরা আশা করি এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে দেশের হাজারো কৃষককে কৃষিক্ষেত্রে অনুকরনীয় অবদান রাখতে উৎসাহিত করবে।”

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ব্র্যান্ডজিল ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপি দাশ চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।।