দুই বাজারেই দরপতন
সপ্তাহের চতুর্থ দিনে ঢাকার পুঁজিবাজারে লেনদেন আরো কমেছে, সূচক রয়েছে প্রায় আগের দিনের অবস্থানে। চট্টগ্রামে দরের সঙ্গে সূচকেও পতন ঘটেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪৯৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের তুলনায় ১৮৮ কোটি টাকা কম।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৫২৭ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১২৭টিরই দাম কমেছে এদিন। দাম বেড়েছে ১২০টি কোম্পানির শেয়ারের, অপরিবর্তিত ছিল ৪৯টি শেয়ারের দাম।
ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের একদিন বাদেই মঙ্গলবার ডিএসইতে সূচক ও লেনদেন পড়ে যায়।
সোমবার এ বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৭৯০ কোটি টাকা। মঙ্গলবার তা ১০৯ কোটি টাকা কমে ৬৮১ কোটি টাকা হয়। ৩৯ পয়েন্ট কমে ডিএসইএক্স সূচক দাঁড়ায় ৪ হাজার ৫২৬ পয়েন্টে।
এদিকে বুধবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্স ২ পয়েন্ট কমে ৮ হাজার ৫৬৪ পয়েন্ট হয়েছে। সারা দিনে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা কম।
চট্টগ্রামে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১০৪টির, অপরিবর্তিত ছিল ৩৮টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মঙ্গলবারও সূচক ও দরপতন হয়েছিল।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ৫৯ পয়েন্ট, গড়ে দৈনিক লেনদেন হয় ৫৪৪ কোটি টাকার শেয়ার।
