ধর্মঘটের প্রভাব ছিল না চট্টগ্রাম-নারায়ণগঞ্জের পোশাক পল্লীতে
সাভার-গাজীপুরের মতো চট্টগ্রাম ও নারায়ণগঞ্জেও তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ডাকা ধর্মঘটের প্রভাব ছিল না।
শনিবার সকাল থেকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ (সিইপিজেড) প্রতিটি এলাকায় স্বাভাবিক গতিতে কাজ চলে। একই চিত্র দেখা যায় নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতেও।
বেতন দাবিতে অনশনকারী তোবা গ্রুপের কর্মীদের পুলিশ পিটিয়ে তুলে দেয়ার প্রতিবাদে সারাদেশে ধর্মঘটের ডাক দেয়া হয়। তবে এর মধ্যে ওই কারখানার শ্রমিকদের আংশিক বেতন দেয়া হয়েছে, বাকিটাও দেয়া হবে রোববার।
চট্টগ্রাম শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহমেদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে চট্টগ্রাম, কর্ণফুলী ইপিজেডসহ প্রত্যেকটি এলাকার গার্মেন্টে কাজ চলে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশের প্রস্তুতিও ছিল।
সকালে বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিক-কর্মকর্তা বহনকারী গাড়িও চলাচলও করেছে।
সিইপিজেডে কর্মরত একটি গার্মেন্টের কর্মকর্তা অজয় মিত্র জানান, সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেছে এবং স্বাভাবিক গতিতেই কাজ চলছে।
চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডের (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক খুরশীদ আলম দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্ণফুলী ইপিজেডের ৪১টি কারখানায় কাজকর্ম স্বাভাবিক আছে। কোথাও ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি।”
চট্টগ্রামের প্রতিটি শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান।
“চট্টগ্রামকে মোট ১০টি শিল্পাঞ্চলে ভাগ করা হয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।”
এই শিল্প পুলিশ কর্মকর্তার দাবি, পুলিশের সঙ্গে যোগাযোগের পর কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা না করার ব্যাপারে তাদের আশস্ত করেছেন চট্টগ্রামের শ্রমিক সংগঠনের নেতারা।
শিল্প পুলিশের পাশাপাশি নগর পুলিশও সতর্ক ছিল বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মোশতাক আহামেদ।
বিজিএমইএ সচিব মো. মাঈন উদ্দিনও জানান, চট্টগ্রাম অঞ্চলের পোশাক কারখানাগুলোতে ধর্মঘটের কোনো প্রভাব নেই। সব প্রতিষ্ঠানে সকাল থেকে সুষ্ঠুভাবে কাজ চলছিল।
চট্টগ্রামে বিজিএমইএর অন্তর্ভুক্ত প্রায় সাড়ে পাঁচশ’ পোশাক কারখানা রয়েছে।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ হলেও কারখানাগুলোতে উৎপাদন ছিল স্বাভাবিক।
সকালে ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত বিসিক শিল্পনগরীতে গিয়ে দেখা যায়, সব গার্মেন্ট, নিটিং ও ডাইং কারখানার উৎপাদন চালু রয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
শহীদ মিনারের সমাবেশ থেকে বক্তারা তোবা গ্রুপে অনশনকারী শ্রমিকদের ওপর হামলাকারী পুলিশের শাস্তি দাবি করেন।
