২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দর: রাজস্ব লক্ষ্যমাত্রা ২৫০০ কোটি টাকা

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল থেকে ২০১৪-২০১৫ অর্থবছরে দুই হাজার ৫৬৭ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 01:57 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

রাজস্ব আদায়ের এ লক্ষ্যমাত্রা দিয়ে একটি চিঠি বৃহস্পতিবার বেনাপোল শুল্ক ভবনে পৌঁছেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শুল্ক ভবনের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু।

বন্দরের শুল্ক কর্মকর্তারা চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের এ লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বলে দাবি করলেও ব্যবসায়ীরা তাতে সন্দেহ প্রকাশ করেছেন।

বন্দরে দুর্নীতি, হয়রানি, পণ্যচুরি, উচ্চ মূল্যে শুল্কায়ন, ফলসহ নানা কাঁচামাল প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা ও শুল্ক ফাঁকির প্রবণতা না কমলে অতীতের মতো রাজস্ব ঘাটতি থেকেই যাবে ব্যবসায়ীরা মনে করছেন।

২০১১-১২ অর্থবছর থেকে পরের তিন বছরে রাজস্ব বোর্ডের দেয়া শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বেনাপোল শুল্ক ভবনে।

বেনাপোল শুল্ক ভবন কর্মকর্তা সাধন কুমার কুণ্ডু জানান, ২০১১-১২ অর্থবছরে দুই হাজার ৪২৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয় দুই হাজার ৩১২ কোটি টাকা।

"২০১২-১৩ অর্থবছরে লক্ষ্যমাত্রা দুই হাজার ৬২০ কোটি টাকা হলেও আদায় হয় ২ হাজার ২০৩ কোটি টাকা এবং ২০১৩-১৪ অর্থ বছরে দুই হাজার ৬০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয় দুই হাজার ৪৮৫ কোটি টাকা।"

শুল্ক কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণেই এই তিন অর্থবছর শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে অভিযোগ করেন বেনাপোল কাস্টমন ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের শুল্ক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন।

তবে শুল্ক কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য ও অনিয়ম দুর্নীতির অভিযোগ সত্য নয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে দাবি করেন বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার-১ ফাইজুর রহমান।

তিনি বলেন, "অতীতে বাংলাদেশে হরতাল, অবরোধ, রাজনৈতিক অস্থিরতা এবং ভারতে শ্রমিক ধর্মঘট, ইন্টারনেট সংযোগে (লিংক) সমস্যা ও সীমান্ত পথে আমদানিযোগ্য পণ্য পাচার বেড়ে যাওয়ায় রাজস্ব ঘাটতি হয়েছে।"

চলতি অর্থবছরে রাজনৈতিক অস্থিরতা, হরতাল ও অবরোধ না থাকলে রাজস্ব বোর্ডের দেয়া লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে তিনি মনে করেন।