বিনাশুল্কে আশুগঞ্জ হয়ে আগরতলা গেল ভারতীয় চাল
আশুগঞ্জ বন্দর ব্যবহার করে বাংলাদেশে আসা ৫১ টন ভারতীয় চাল কোনো শুল্ক ছাড়াই আখাউড়া হয়ে আগরতলায় পৌঁছেছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পুলিশের বিশেষ প্রহরায় চালবাহী তিনটি কাভার্ড ভ্যান আখাউড়া স্থলবন্দর অতিক্রম করে।
ব্রাহ্মণবাড়িয়া কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশেষ মানবিক কারণে কোনো শুল্ক ও ব্যাংক গ্যারান্টি ছাড়াই এই খাদ্য শস্য বৃহস্পতিবার বাংলাদেশের ভেতর দিয়ে ভারত গেল।
“১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় ১৫ দিনে মোট ৫ হাজার ৮০ টন চাল আশুগঞ্জ দিয়ে আগরতলা যাবে।”
বাংলাদেশের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সি ওয়েজের মহাব্যবস্থাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের অন্ধ্র প্রদেশের কাঁকিনাড়া থেকে এসব চাল ত্রিপুরা রাজ্যে নেয়া হচ্ছে। এজন্য বাংলাদেশের ৩৫০ কিলোমিটার নৌ ও ৪৫ কিলোমিটার স্থলপথ ব্যবহার করা হচ্ছে।
প্রথম দফায় পাঁচ হাজার ৮০ মেট্রিক টন খাদ্য নিয়ে পাঁচটি কার্গো জাহাজ কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে।
সেখান থেকে বুধবার বিকালে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ৫১ মেট্রিক টন চাল তিনটি কভার্ড ভ্যানে তুলা হয়। আখাউড়া স্থলবন্দর সন্ধ্যা ৬টায় বন্ধ হয়ে যায় বলে কভার্ড ভ্যানগুলো ওইদিন পাঠানো হয়নি।
বৃহস্পতিবার সকাল ৬টায় কভার্ড ভ্যানগুলো আশুগঞ্জ থেকে রওনা দিয়ে পুলিশের বিশেষ প্রহরায় বেলা ১১টায় আখাউড়া স্থলবন্দরে পৌঁছে।
পরে কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করে দুপুর আড়াইটায় আখাউড়া সীমান্ত অতিক্রম করে।
ব্রাহ্মণবাড়িয়ার কাস্টমস কর্মকর্তা আহসান উল্লাহ জানান, ভারতের আসাম রাজ্যের লামডিং-শিলচর রেলপথ বন্ধ থাকায় ভারত সরকারের অনুরোধে ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খাদ্যশস্য পরিবহনের এ সুবিধা দিচ্ছে বাংলাদেশ সরকার।
