২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোবাকর্মীরা বৃহস্পতিবারও বেতন পাবেন: বিজিএমইএ

আন্দোলনরত শ্রমিকদের কাছ থেকে সাড়া না পাওয়ার পর বিজিএমইএ ভবন থেকে তোবা গ্রুপের শ্রমিকদের বেতন দেয়ার কাজটি আরো একদিন চালানোর ঘোষণা দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 06:56 PM

Updated : 25 Apr 2022, 04:31 PM

বুধবার বিকালে এই ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। তখন পর্যন্ত তোবা গ্রুপের দেড় হাজার শ্রমিকের মধ্যে ৩২৬ জন বেতন নিয়েছিলেন।

কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে সকাল থেকে দুই মাসের বেতন দেয়া শুরু করলেও তাতে শ্রমিকদের উপস্থিতি তেমন ছিল না। শ্রমিকরা রাজধানীর বাড্ডায় কারখানা ভবনে অনশন কর্মসূচিতে অটল রয়েছেন।

শ্রমিকদের দাবি, তাদের বকেয়া তিন মাসের বেতন ও ঈদ বোনাসের পুরোটাই দিতে হবে। সেইসঙ্গে অনশনে অসুস্থদের চিকিৎসার খরচ দিতে হবে।       

তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের জামিন বাতিলের দাবিও রয়েছে তাদের, যিনি তার আরেক কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর মামলায় কয়েক মাস কারাগারে থাকার পর মঙ্গলবার বেরিয়ে আসেন।

তোবা শ্রমিকদের বেতন দেয়ার প্রক্রিয়ার মধ্যে সন্ধ্যায় বিজিএমইএ ভবনে আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা সবাই মিলে সভা করে সিদ্ধান্ত নিয়েছি-অনেকেই যেহেতু আজকে আসতে পারেনি, কাল (বৃহস্পতিবার) বিকাল ৫টা পর্যন্ত বেতন দেয়া হবে।”

মঙ্গলবার বিজিএমইএ বলেছিল, বুধবার নির্ধারিত সময়ে বিজিএমইএ অফিসে উপস্থিত হয়ে তোবার শ্রমিকরা বেতন না নিলে পরে তার দায়িত্ব তারা নেবে না।

বুধবার সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত ৩২৬ জন শ্রমিক বেতন নিয়েছেন বলে জানান তিনি। তোবা গ্রুপের পাঁচ কারখানার ১৪৫৮ জন শ্রমিকের বেতন বকেয়া রয়েছে বলে বিজিএমইএ’র হিসাব।

বুধবার রাত ৯টা পর্যন্ত শ্রমিকদের বেতন দেয়ার কাজ চলবে বলে আতিকুল জানান।

শ্রমিকদের অনেকে অভিযোগ করেছেন, বেতন নিতে বিজিএমইএ ভবনে যেতে কয়েকজনকে বাধ্য করা হয়।

অন্যদিকে বিজিএমইএ সভাপতি পাল্টা অভিযোগ করেছেন, তোবা কারখানায় অবস্থান নেয়া কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা শ্রমিকদের বেতন নিতে আসতে বাধা দিয়েছেন।

আতিকুল বলেন, “আমরা খবর পেয়েছি, কারখানা তালা মেরে শ্রমিকদের আটকে রাখা হয়েছে। অনেকের আইডি আটকে রাখা হয়েছে। এ কারণে অনেকে আসতে পারেনি বেতন নিতে।”

তোবা কারখানার এই ঘটনা নিয়ে একটি মহল পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার প্রয়াস চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “এটা আন্দোলন, না কি কারো এজেন্ডা বাস্তবায়ন?

“শ্রমিকরা টাকার জন্যে আন্দোলন করছে। আমরা টাকা নিয়ে বসে আছি। তৈরি পোশাক শিল্পের সঙ্গে দেশের কোটি মানুষের জীবন জড়িয়ে আছে। কেউ যেন তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে।”

তৈরি পোশাক শিল্প নিয়ে ‘রাজনীতি’ না করার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, “অর্থনীতি ও রাজনীতি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। পোশাক শিল্পকে রাজনীতির ঊর্ধ্বে রাখবেন।”

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির মামলায় মালিক দেলোয়ার হোসেনের কারাগারে থাকার মধ্যে তিন মাসের বেতন বকেয়া পড়ে তোবা গ্রুপের পাঁচ কারখানায়।

বেতন দাবিতে ঈদের আগের দিন থেকে রাজধানীর বাড্ডায় কারখানা ভবনে তোবার দেড় হাজার শ্রমিক অনশন শুরু করলে বিজিএমইএ দুই মাসের বেতন পরিশোধের বন্দোবস্ত করে।