২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল বাজারজাতে পাটের বস্তাই থাকছে

চাল বাজারজাত করতে পাটের বস্তার ব্যবহার সম্পর্কিত হাই কোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 07:51 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

এর ফলে চাল বাজারজাত করতে রাইস মিল, চাতাল মালিক ও চালের দোকানিদের আপাতত শতভাগ পাটের বস্তা ব্যবহার করতে হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাই কোর্টের দেয়া আদেশ স্থগিত করে দেন।

২০১০ সালে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন পাস করে সরকার। ২০১৩ সালে এই আইনের ৭(৩) অনুসারে প্রজ্ঞাপন জারি করা হয়।

ব্যবসার উদ্দেশ্যে চালের বাজারজাত করতে রাইস মিল, চাতাল মালিক ও চালের দোকানিদের জন্য শতভাগ পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

২০১৪ সালের জানুয়ারি থেকে এই বিধান কার্যকরের কথা ছিল।কিন্তু এর মধ্যে এই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন হয়।

ওই আবেদনের প্রাথমিক শুনানি করে হাই কোর্ট পাটের বস্তায় চালের বাজারজাতকরণ সম্পর্কিত এই বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চায়। পাশাপাশি বিধানটির কার্যকারিতা স্থগিত করে।

এর পর রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার বিচারপতি হাই কোর্টের সেই আদেশ স্থগিত করে দিল।