তোবার শ্রমিকদের জন্য অর্থ ‘ধার’ করছে বিজিএমইএ
তোবা গ্রুপের পাঁচ কারখানার ১৬০০ শ্রমিককে দুই মাসের বেতন দিতে বিজিএমইএ ধার দেনা করছে বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের এই সংগঠনের এক নেতা।
ঈদের আগের দিন থেকে শ্রমিকদের অনশনের প্রেক্ষাপটে বিজিএমইএ নেতারা রোববার সরকারের সঙ্গে এক বৈঠকে আগামী বুধবার দুই মাসের বেতন দেয়া প্রতিশ্রুতি দেন।
শ্রমিকরা তিন মাসের বকেয়া দাবিতে অনশন চালিয়ে গেলেও বিজিএমইএ’র সহসভাপতি এস এম মান্নান কচি বলছেন, জুলাই মাসের বেতন অন্যায্যভাবে চাইছে তোবা গ্রুপের কর্মীরা।
তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন তার অন্য কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর মামলায় কারাগারে রয়েছেন।
এর মধ্যেই তার মালিকানাধীন পাঁচ কারখানায় বেতন বকেয়া পড়লে রাজধানীর বাড্ডায় কারখানা ভবনেই অনশনে বসের শ্রমিকরা। তাদের সঙ্গে আন্দোলনে একাত্ম হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোও।
বিজিএমইএ সহসভাপতি মান্নান কচি সোমবার সাংবাদিকদের বলেন, তোবা গ্রুপের ১৬০০ শ্রমিকের দুই মাসের বেতন দিতে ২ কোটি ৩৬ লাখ টাকা দরকার হবে বলে তারা হিসাব বের করেছেন।
এই টাকা সংগ্রহের জন্য বিজিএমইএ নানা চেষ্টা চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, “এর মধ্যে তোবা গ্রুপের পক্ষে বিভিন্ন গার্মেন্ট মালিকের কাছে ধার করাসহ আরো উপায়ে টাকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
“তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন মুক্তি পেলে সুবিধামতো তার কাছ থেকে এ অর্থ ফেরত নেয়া হবে।”
কারাবন্দি দেলোয়ার হোসেন সম্প্রতি হাই কোর্ট থেকে জামিন নিয়েছেন। তবে তার জামিন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানিয়েছেন।
ধারের কথা বললেও কার থেকে কত টাকা পাওয়া গেছে বা চাওয়া হয়েছে এসব তথ্য জানাতে রাজি হননি মান্নান কচি।
তবে বিজিএমইএর অন্য এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ৩০ জন্য ব্যবসায়ীর কাছে ধার চেয়েছেন তারা।
“এছাড়া তোবা গ্রুপ থেকেও নেয়া হচ্ছে ২০ লাখ টাকা। এর মধ্যে সোমবার ১৫ লাখ টাকার চেক নিয়েছে বিজিএমইএ। বাকি ৫ লাখ টাকা বুধবারের আগেই দিতে বলা হয়েছে।”
বিজিএমইএ বুধবার দুই মাসের বেতন দেয়ার আশ্বাস দিলেও অনশনরত শ্রমিকরা তাতে আস্থা না পেয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
মান্নান কচি বলেন, “অনশন প্রত্যাহার না করলেও আমরা আশা করছি, শ্রমিকরা বেতন নিতে আসবে। ইতোমধ্যে এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে ট্রেড ইউনিয়ন নেতাদের আলোচনা হয়েছে।”
তিনি দাবি করেন, তাজরীনে অগ্নিকাণ্ডের পর থেকে তোবা গ্রুপ ‘খুঁড়িয়ে খুঁড়িয়ে’ চলছিল। পাশাপাশি আন্দোলনের কারণে ব্যাংক, ক্রেতা কারো সহযোগিতা পাচ্ছে না কোম্পানিটি।
শ্রমিকদের আচরণের সমালোচনা করে মান্নান কচি বলেন, কোনো কারখানার শ্রমিকদের বেতন দায়িত্ব বিজিএমইএ’র না হলেও মানবিক কারণে তারা এই দায়িত্ব নিয়েছেন।
“শ্রমিকরা জুলাই মাসের যে বেতন চাচ্ছে, তা অযৌক্তিক। কারণ জুলাই মাসের বেতন পরিশোধের সময় এখনো আসেনি। এছাড়া জুন মাসে তারা কাজও করেনি।”
শ্রমিকরা অভিযোগ করেছে, বিজিএমইএ নেতারা বেতন না দিয়ে ঘটনাটি জিইয়ে রেখে তোবার মালিক দেলোয়ারকে কারাগার থেকে বের করতে চাইছে।
