৯ দিন পর সরব বেনাপোল বন্দর
ঈদুল ফিতরের আগে-পরে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নয় দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর। সকাল থেকেই শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি।
তবে বেনাপোল শুল্ক ভবন, বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ ও ট্রান্সপোর্ট এজেন্সির সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা এখনো না ফেরায় কাজ চলছে ধীর গতিতে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বন্দর খোলা থাকলেও চেকপোস্টে কার্গো শাখার অফিস উচ্ছেদের কারণে আমদানি-রপ্তানি হয়নি। টানা দশদিন আমদানি-রপ্তানি ও খালাসকৃত পণ্য পরিবহন বন্ধ থাকায় এখন ব্যাপক পণ্যজট সৃষ্টি হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুজ্জামান জানান, লম্বা ছুটির কারণে দুই দেশের বন্দর এলাকায় শত শত পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। সোমবারের আগে বন্দরের কাজে স্বাভাবিক গতি আসবে না।
পণ্য নিয়ে অপেক্ষায় ভারতের ট্রাক
রোববার পেট্রাপোলে সাপ্তাহিক ছুটি থাকলেও পণ্যজট কমাতে বিশেষ ব্যবস্থায় আমদানি রপ্তানি চালু রয়েছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, “পণ্যজট কমাতে বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দ্রুত আমদানি পণ্য খালাসের নির্দেশ দেয়া হয়েছে।”
বেনাপোল শুল্ক ভবনের সহকারি কমিশনার সাধন কুমার কুন্ডু জানান, ছুটির ঘাটতি পুষিয়ে নিতে দ্রুত পণ্য খালাস করার জন্য শুল্ক ভবনের সব বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, “দেশের শিল্প কারখানার ৭০ শতাংশ কাঁচামাল ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। একটানা বন্ধ থাকায় ব্যবসায়ীরা শিল্প কারখানায় জরুরি কাঁচামাল সময়মত নিতে পারেনি। এই পণ্যজট কমাতে নির্দিষ্ট কর্মঘণ্টার পরও বাড়তি সময় ও ছুটির দিনে কাজ করবেন শুল্ক কর্মকর্তারা।”
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী জানিয়েছেন, টানা ৯ দিন ছুটির কারণে পেট্রাপোল বন্দর থেকে বনগাঁ পর্যন্ত পণ্য নিয়ে বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় রয়েছে কয়েকশ ট্রাক।
