২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসম্যানদের চিঠির জবাব দেবে বাংলাদেশ

বাংলাদেশে শ্রমিক নির্যাতনের অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যানের চিঠির জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 09:26 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

একইসঙ্গে একটি চিঠি দেওয়া হবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফোরম্যানকে। তাদের বাংলাদেশে এসে পোশাক কারখানা সরেজমিনে দেখার আমন্ত্রণ জানানো হবে ওই চিঠিতে।

সোমবার মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তোফায়েল আহমেদ এসব কথা জানিয়ে বলেন, “চিঠির খসড়া তৈরি হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই তা পাঠানো হবে।”

তিনি বলেন, “যে ছয়জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। তারা হাইলি পলিটিক্যাল। তাদের ছয়জনের একজন ছাড়া বাকিরা বাংলাদেশের কোনো কারখানা দেখেননি। তাদের চিঠির সঙ্গে বাংলাদেশের বাস্তবতার কোনো মিল নাই।”

১০ থেকে ১৪ জুন যুক্তরাষ্ট্র সফরকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে শ্রমিক নির্যাতনের নালিশ করে বাংলাদেশ থেকে পাঠানো একটি চিঠি দেখিয়ে তার জবাব চান ছয় মার্কিন কংগ্রেসম্যান।

চিঠিটি পাঠিয়েছেন ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের (এনজিডব্লিউএফ) সভাপতি আমিরুল হক আমিন। ওই সংগঠনটি বৈশ্বিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅল’র সদস্য। তিনি ইন্ডাস্ট্রিঅল’র লোগো ব্যবহার করে চিঠিটি পাঠিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আমিরুল হক আমিন কংগ্রেসম্যানদের কাছে চিঠি পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন। তিনি ওই চিঠি ইন্ডাস্ট্রিঅলকে পাঠিয়েছিলেন বলে দাবি করেছেন।

“কিন্তু ইতোমধ্যে ওই ছয় কংগ্রেসম্যানই আবার শ্রমিক নির্যাতনের অভিযোগে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যার অনুলিপি বাণিজ্যমন্ত্রী ও পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ-কেও দেওয়া হয়েছে।”

তোফায়েল আহমেদ বলেন, “হয়ত কেউ তাদের অ্যাপ্রোচ করেছে। তার পরিপ্রেক্ষিতে তারা হয়তো একটি চিঠি দিয়েছে। এটা তাদের পক্ষে অশোভনীয়। বাংলাদেশ রক্তে প্রতিষ্ঠিত একটি স্বাধীন দেশ। সেই দেশের অভ্যন্তরীণ ব্যাপার।

“সেখানে কেউ কোনো হস্তক্ষেপ করবে না, এটা সবারই জানা। কংগ্রেসম্যানদের আমরা চিঠি দিচ্ছি। তাদের বলছি, তারা বাংলাদেশে এসে দেখুক।”

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফোরম্যানকে চিঠি দেওয়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “ফোরম্যানই আসল ব্যক্তি। তিনিই বাংলাদেশের বিষয়গুলো দেখেন। তিনি উপমহাদেশে সফরে আসবেন। আমরা তাকে চিঠি দেব, যাতে তিনি বাংলাদেশে আসেন। তিনি আসলে তাকে নিয়ে আমরা কিছু কারখানা পরিদর্শন করবো।”

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বাংলাদেশের পোশাক খাতের বিভিন্ন অগ্রগতির তথ্য তুলে ধরেন।

১৫৭টি ট্রেড ইউনিয়নের নিবন্ধন, ১৫০০ কারখানা পরিদর্শন, পরিদর্শক নিয়োগ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থার উন্নতি ইত্যাদি বিষয়ে বাংলাদেশ সন্তোষজনক উন্নতি করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশকে আরো অগ্রগতি অর্জন করতে হবে।

আগামী ডিসেম্বরে জিএসপি পুর্নমূল্যায়ন হবে বলে উল্লেখ করে মজিনা বলেন, “আমি বলেছি, বাংলাদেশের অগ্রগতি হচ্ছে। আমি আশা করি উন্নতির এ গতি অব্যাহত থাকবে। সেটা হলে আগামী ডিসেম্বরে চিত্র পাল্টে যাবে।”

২০১৩ সালের ২৭ জুন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে। ১৬ দফা কর্মপরিকল্পনা দেয় বাংলাদেশকে। ছয় মাস পরে যা পর্যালোচনা করার কথা ছিল।

কিন্তু পরের মাসে মূল জিএসপি কর্মসূচীর মেয়াদ শেষ হয়ে যায়। তোফায়েল আহমেদ বলেন, কংগ্রেস জিএসপি স্কিম পুর্নবহাল করলে ডিসেম্বরে পুর্নমূল্যায়ন হবে। এখন কোনো দেশের জন্যই জিএসপি সুবিধা নেই।