২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় পণ্যের দাম অতিরিক্ত বাড়েনি: সংসদীয় কমিটি

বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে বড় ধরণের কোনো ‘দুর্যোগ’ না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:44 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

রোববার সংসদ ভবনে কমিটির বৈঠকে সদস্যরা ‘সন্তোষ প্রকাশ’ করেছেন বলে জানিয়েছেন কমিটির সভাপতি আলী আশরাফ।

বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিভিন্ন সংস্থা বাজার তদারকির কারণে এবারের রোজায় পণ্য মূল্য অতিরিক্ত বাড়েনি। কমিটি এজন্য বাজার তদারকির কাজ আরও বাড়াতে বলেছে।”

রমজান শুরুর পর থেকে আলু, পেয়াজ, বেগুনসহ কয়েকটি পণ্যের দাম বাড়ার বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, “দাম বৃদ্ধিতে বড় ধরণের কোন ডিজাস্টার আসেনি। এজন্য কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।”

পণ্যের মজুদ যথেষ্ট পরিমাণে থাকার কারণে রোজায় বাজার স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ী নেতারা। কিন্তু রমজান শুরুর আগেই কাঁচাবাজারে বেশকিছু পণ্যের মূল্য কয়েকদফা বাড়ে। তখন এর পেছনে বৈরী আবহাওয়াকে দায়ী করেছিলেন ব্যবসায়ীরা।

দাম বৃদ্ধি পাওয়া পণ্যের তালিকায় গত দুই সপ্তাহ ধরেই শীর্ষে রয়েছে পেঁয়াজ। বাংলাদেশের চাহিদার একটি বড়ো অংশ পূরণ হয় ভারতীয় পেঁয়াজ আমদানি করে।

কিন্তু দেশটি ১৫ দিনের মাথায় দ্বিতীয় দফায় রপ্তানি মূল্য বাড়ানোয় রমজানের এই সময়ে বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। নিজের বাজার সামাল দিতে পেঁয়াজের রপ্তানিমূল্য টনপ্রতি সর্বনিম্ন ৫০০ ডলার করেছে ভারত।

আর সেই ধাক্কায় বাংলাদেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দর উঠেছে ৪৫ টাকায়। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানোর প্রথম দফায় কেজিতে ৫ টাকা আর দ্বিতীয় দফায় কেজিতে ১০ টাকা দাম বেড়েছে বাংলাদেশের বাজারে। ফলে ঢাকার বাজারে গত দুই সপ্তাহে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা।

এদিকে বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবির) সরবরাহ করা পণ্যের গুনগত মান আরো বাড়াতে বলেছে সংসদীয় কমিটি।

এবিষয়ে কমিটির সভাপতি আলী আশরাফ বলেন, “বাজারে যেসব পণ্য পাওয়া যায় সেগুলোর চেয়ে অনেক ক্ষেত্রে টিসিবির পণ্যের মান ভালো না। কমিটি এ জন্য টিসিবির পণ্যের গুনগত মান বাড়াতে বলেছে।”

আলী আশরাফের সভাপতিত্বে সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, আ ক ম বাহাউদ্দীন, মো. ছানোয়ার হোসেন, মো. মনজুরুল ইসলাম লিটন অংশ নেন।

পুরনো খবর:

নানামুখী উদ্যোগেও ‘লাগামহীন’ কাঁচাবাজার