২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে এক লাখ ফ্রিজ বিক্রি করতে চায় ওয়ালটন

ঈদকে সামনে রেখে এক লাখেরও বেশি রেফ্রিজারেটর বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশি কোম্পানি ওয়ালটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 07:31 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

ওয়ালটনের হেড অফ মার্কেটিং ইমদাদুল হক সরকার বলেন, ”প্রতিবছরের মতো এবারও ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ঈদ উপলক্ষে ওয়ালটন মজুদ বাড়িয়েছে। বেড়েছে নিয়মিত উৎপাদনের পরিমাণও।

গত বছরের তুলনায় ওয়ালটনের বিক্রি ৩৫ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এ বছর সাড়ে ৭ লাখ থেকে ৮ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর রমজান মাসে বিক্রির টার্গেট এক লাখ ২০ হাজার ইউনিট।”

ঈদ উপলক্ষে ওয়ালটন ১২৬ লিটার, ৩২০ লিটার এবং ৩৮০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন ফ্রিজ বাজারে  ছেড়েছে। এ মাসেই  ২৫০ লিটারের গ্লাসডোর ডিপ ফ্রিজ বাজারে আসবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজধানীতে ওয়ালটনের বিভিন্ন শোরুম ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে তাদের এ আয়োজনে ক্রেতারা্ও সাড়া দিচ্ছেন।   

মালিবাগে ওয়ালটন প্লাজার ম্যানেজার শফিকুল ইসলাম বাতেন বলেন, ”এবার রোজার প্রথম দিন থেকেই ফ্রিজ বিক্রি হচ্ছে অন্যবারের চেয়ে বেশি। জুলাই মাসে বেতন পাওয়ার পর থেকেই ক্রেতারা ফ্রিজ কিনছেন।”

ঈদ বোনাস পাওয়ার পর ক্রেতাদের ভিড় আরো বাড়বে বলে মনে করছেন ‍তিনি।

ওয়ালটনের দাবি, উন্নত প্রযুক্তির পাশাপাশি দাম হাতের নাগালে হওয়ায় গত কয়েক বছরে তাদের উৎপাদিত ওয়ালটন এবং মার্সেল ব্র্যান্ডের ফ্রিজের দিকে ঝুঁকছেন ক্রেতারা।

মার্সেল ব্র্যান্ডের প্রধান বিপণন কর্মকর্তা মোশারফ হোসেন রাজিব জানান, ফ্রিজ বিক্রির দিক দিয়ে মার্সেল এখন দ্বিতীয়।

রমজান এবং ঈদে তাদের বিক্রি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি হয় বলে দাবি করেন তিনি।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ”ওয়ালটন ফ্রিজ বিশ্বমানের। এতে ব্যবহার করা হয়েছে ৮০ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি ল্যাম্প। অন্য ফ্রিজের চেয়ে ওয়ালটন ফ্রিজের ডিপ অংশ অনেক বড়।”

তিনি বলেন, ”প্রযুক্তির বিস্ময় ন্যানো টেকনোলজি যুক্ত হয়েছে ওয়ালটনে। এর ফলে রেফ্রিজারেটরে সংরক্ষিত খাদ্যদ্রব্য দীর্ঘসময় টাটকা ও জীবাণুমুক্ত থাকে। নেগেটিভ আয়ন ফ্রিজের ভেতরকে রাখে সজীব ও সতেজ।”

এসময় বাংলাদেশে বিক্রয়োত্তর সেবাতেও ওয়ালটন শীর্ষে বলে দাবি করেন তিনি।