২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের সহায়তায় ঢাবিতে কম্পিউটার ল্যাব

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে আধুনিক কম্পিউটার ল্যাব চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 10:01 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ ল্যাবের উদ্বোধন করেন।

ল্যাব প্রতিষ্ঠায় আর্থিক সহযোগিতা করায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, “এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানের ক্ষেত্র প্রসারিত করতে পারবে। তথ্য সংগ্রহ ও তার প্রয়োগে ল্যাবের ইন্টারনেট সুবিধা বিভাগের শিক্ষার্থীদেরকে ইতিবাচক সহায়তা করবে।”

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ টেকনলজি অফিসার তানভীর মোহাম্মদ বলেন, “জীবনের যে কোনো পরিসরেই ইন্টারনেট একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার ক্ষেত্রে তা আরও ব্যাপক।

“ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা সারা বিশ্বের চলমান প্রযুক্তিনির্ভর দ্রুত উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সহজেই যুক্ত হতে পারবে। একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন এদেশের উন্নয়ন প্রকল্পে উদ্যমী ভূমিকা রাখতে অঙ্গীকারাবদ্ধ।”

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রমুখ।

নতুন এ ল্যাবে ৫২টি কম্পিউটার, সর্বাধুনিক সার্ভার, সিসিটিভি, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও প্রিন্টার রয়েছে।