ব্রাজিল গেলেন ‘কোকা-কোলা চলো ব্রাজিলের’ ৪ বিজয়ী
বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের ম্যাচ স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পাচ্ছেন চার বাংলাদেশি। এজন্য এরইমধ্যে ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতার আয়োজক দেশ ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করেছেন তারা।
বিশ্বখ্যাত কোমল পানীয় উৎপাদক ও বাজারজাতকারী সংস্থা কোকা-কোলা আয়োজিত ‘কোকা-কোলা চলো ব্রাজিল’ ক্যাম্পেইনে অংশ নিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে গিয়ে স্টেডিয়ামে বসে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখার সুযোগ পেলেন ওই চার বাংলাদেশি।
এরা হলেন-খুলনার মোহাম্মদ খালেকুল ইসলাম, রাজশাহীর মো. মাহবুব আলম, চট্টগ্রামের সৈয়দ মুহাম্মদ শফিকুল আলম ও সিলেটের আবদুল বাকী আহমদ শফি।
বুধবার সকালে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করেন বলে কোকা-কোলা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, এই চারজন তিন রাত ও চার দিন ব্রাজিলে থাকার সুযোগ পাচ্ছেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচের টিকেট দেয়া হচ্ছে তাদের। ব্রাজিল থেকে দেশে ফেরার বিমান টিকিটও তাদের দেয়া হয়েছে।
ব্রাজিলের টিকিট জেতার পর রাজশাহীর মো. মাহবুব আলম বলেন, “ব্রাজিলে গিয়ে বিশ্বকাপ দেখা আমার জন্য একটা স্বপ্নের মতো।”
কোকা-কোলা বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শাদাব খান বলেন, “আমরা বিশ্বাস করি, কোকা-কোলা বিশ্বব্যাপী ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ছড়িয়ে দিতে ও বিশ্বকে ব্রাজিলমুখী করতে পেরেছে। এইজন্যই আমরা বাংলাদেশের ভোক্তাদের জন্য সারাজীবনে একবারই সুযোগ পাওয়ার মতো বিশ্বকাপ দেখার আনন্দ-উল্লাসের চমৎকার অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ এনে দিতে চেয়েছি।”
গত ডিসেম্বরে প্রথমবারের মত ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি বাংলাদেশে নিয়ে এসেছিল কোকা-কোলা।
পরে তাদের পক্ষ থেকে দেশের ফুটবলপ্রেমীদের জন্য ‘কোকা-কোলা চলো ব্রাজিল’ ক্যাম্পেইন চালানো হয়।
