২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে রাজস্ব আদায় লক্ষ্য অর্জনে ব্যর্থ

যশোরের বেনাপোল স্থলবন্দরের শুল্কভবনে গেল অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১১৯ কোটি ৭২ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 04:09 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বেনাপোল শুল্কভবনের কম্পিউটার (প্রোগ্রামার) শাখার কর্মকর্তা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড ২০১৩-১৪ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল ২ হাজার ৬শ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ২৮ লাখ টাকা।

ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিংয়ে সংশ্লিষ্টরা বন্দরে দুর্নীর্তি, হয়রানি, পণ্য চুরি, উচ্চেমূল্যে শুল্কায়ন, ফলসহ কাঁচামাল প্রবেশে অলিখিত নিষেধাঙ্গা ও শুল্ক ফাঁকিকে এজন্য দায়ী করেছেন।

তবে, রাজস্ব কর্মকর্তারা শ্রমিক অসন্তোষ, রাজনৈতিক অস্থিরতা ও কারিগরি সমস্যাকে এ রাজস্ব ঘাটতির জন্য দায়ী করেন।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে শুল্ক ফাঁকির জন্য গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট।

এ সিন্ডিকেট সদস্যরা কাস্টমস্, বন্দর, বন্দরের নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনী, সিকিউরিটি গার্ডদের মোটা অংকের টাকায় ম্যানেজ করে আমদানি করা পণ্যের কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, রাজস্ব ফাঁকি, ঘুষ বাণিজ্য, জাল-জালিয়াতি, অনিয়ম দুর্নীতির মাধ্যমে ব্যবসায়ী, বন্দর ও কাস্টমস কর্মকর্তারা রাতারাতি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।

তাদের এসব কর্মকাণ্ডে প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

এই অ্যসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, “ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা শুল্ক বিভাগের কাছে প্রতিনিয়ত হয়রানি ও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বন্দর পণ্যাগার থেকে অব্যাহত পণ্য চুরির ঘটনায় অনেক আমদানিকারক এ বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাচ্ছেন। বন্দর কর্তৃপক্ষ পণ্যচুরি রোধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।”

অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, “শুল্ক কর্তৃপক্ষের নিত্যনতুন আইন ও কড়াকড়ি আরোপে উচ্চ শুল্ক হারের পণ্য এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে না। ওইসব পণ্য চোরাই পথে দেশে ঢুকছে, যা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা প্রশাসন করতে পারছে।”

বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার-১ ফাইজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধী দলের অবরোধ, হরতাল, রাজনৈতিক অস্থিরতা, ভারতে আন্দোলন, শ্রমিক ধর্মঘট, সীমান্তের ওপারে ইন্টারনেট সংযোগ (লিংক) সমস্যা ও সীমান্ত পথে আমদানিযোগ্য পণ্য পাচার বেড়ে যাওয়ায় রাজস্ব ঘাটতি থেকেই যাচ্ছে।

শুল্ক বিভাগের হয়রানি, দুর্নীতি, শুল্ক ফাঁকি, পণ্য চুরিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেছেন।