২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের ফ্লাইটে বাধা না দেয়ার নির্দেশ

ইউনাইটেড এয়ারের ফ্লাইট পরিচালনায় বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 06:22 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানিতে রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে এই বেসরকারি বিমান সংস্থার ফ্লাইট বন্ধের প্রক্রিয়াকে এক মাসের জন্য স্থগিত করে দেয়া হয়। ফ্লাইট পরিচালনায় লাইসেন্স (এওসি এবং এএমও) নবায়নের নির্দেশও দেয়া হয়।

বেসামরিক বিমান চলাচল সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পরিচালককে (নিরাপত্তা) এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রুল জারির পাশাপাশি এসব অন্তর্বর্তীকালীন আদেশ দেয়া হয়। এছাড়া বিবাদীদেরকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

ইউনাইটেডের পক্ষে আদালতে শুনানি করেন এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

রাগিব রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, গত ২৬ জুন সন্ধ্যায় বেসামরিক বিমান কর্তৃপক্ষ ইউনাইটেড এয়ারকে ২৯ জুনের মধ্যে পাওনা পরিশোধের জন্য একটি চিঠি দেয়। বেসরকারি এই বিমান সংস্থার প্রতিবছর নবায়নযোগ্য লাইসেন্সের মেয়াদও ২৯ জুন পরর্যন্ত।

ওই চিঠিতে বলা হয়, পাওনা পরিশোধ না করলে লাইসেন্স নবায়ন করা হবে না।

ইউনাইটেডের এই আইনজীবী বলেন, “আমরা রিটে বলেছি, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর আমরা সরকারকে ৪৭ কোটি টাকার রাজস্ব দিয়েছি। এছাড়া পার্কিং ফি দিয়েছি ২০ কোটি টাকা।

“আমাদের সঙ্গে পার্কিং ফি নিয়ে নীতিগত বিরোধ রয়েছে। কর্তৃপক্ষ বড় বিমান ও ছোট বিমানের জন্য একই ধরনের পার্কিং ফি চাইছে। নীতিগত এসব বিরোধ সমাধান করে আমরা বকেয়া ৪৩ কোটি টাকা ফি পরিশোধ করতে চেয়েছি।”

“কিন্তু কর্তৃপক্ষ ওই বিরোধ সমাধান না করে উল্টো টাকা দিতে দেরি করায় অভাবনীয়ভাবে নতুন করে ৪০ কোটি টাকা পেনাল ইন্টারেস্ট দাবি করছে। এতে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে,” বলেন এই আইনজীবী।

তার দাবি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্সের কাছ থেকে কর্তৃপক্ষের একইখাতে আরো অনেক বেশি টাকা পাওনা থাকলেও উদ্দেশ্যমূলকভাবে কার্যক্রম বন্ধ করতে চাচ্ছে কেবল ইউনাইটেডেরই।

“বিদেশি বড়-বড় এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমরা ওই পার্কিং ফি মওকুফ চেয়েছি। এটা সব দেশেই হয়। এমনকি আমাদেরকে কুয়ালালামপুরেও এই সুবিধা দেয়া হয়েছে। অথচ নিজেদের দেশে ফি দিতে দেরি হওয়ায় কারর্যক্রম বন্ধ করে দিতে চাচ্ছে।”