রাজধানীতে ‘যাকাত মেলা’
ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ‘যাকাত মেলা’।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মেলা কমিটির সদস্য সচিব খন্দকার জাকারিয়া আহমেদ বলেন, ২৭ জুন থেকে শুরু হওয়া যাকাত মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিতব্য এবারের যাকাত মেলার স্লোগান- ‘যাকাত সম্পদকে পবিত্র, পরিশুদ্ধ ও বর্ধিত করে’।
জাকারিয়া আহমেদ জানান, সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।
এই মেলায় কোন যাকাত আদায় করা হবে না জানিয়ে তিনি বলেন, “মূলত যাকাত কেনো দিতে হয় এবং সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে ত্বরান্বিত করতে যাকাতের ভূমিকা বিষয় জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।”
তিনি জানান, ব্যক্তিগত যাকাতের হিসাব, ব্যবসায় যাকাতের হিসাব নিরুপণসহ নানা দিক এই মেলায় তুলে ধরা হবে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, মুসলিম এইড বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশ, এক্সিম ব্যাংক এবং সোসাইটি ফর সোশাল অ্যান্ড টেকনোলজি সাপোর্ট যৌথভাবে দ্বিতীয়বারের মতো এই যাকাত মেলার আয়োজন করেছে।
