যুক্তরাষ্ট্রে শ্রমিক নির্যাতনের চিঠি পাঠানো ‘রাষ্ট্রদ্রোহিতা’
দেশে পোশাক শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে মার্কিন কংগ্রেসম্যানদের কাছে চিঠি পাঠানোকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ আখ্যা দিয়ে বিচার দাবি করেছেন তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনের সভাপতি মো. আতিকুল ইসলাম বলেছেন, “এদেশে আইন আছে, আদালত আছে। তারপরও কাউকে না জানিয়ে যারা বিদেশে এ ধরণের অভিযোগ করে তাদের রাষ্ট্রদ্রোহিতার দায় নিতে হবে।”
সোমবার বিকালে বিজিএমইএ ভবনে সাংবাদিকদের নিয়ে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “শ্রমিক নির্যাতনের অভিযোগ করে চিঠি পাঠানোর পরে আরেকটি চিঠি পাঠিয়ে বলা হয়- অনেক হয়েছে, বিষয়টি যেন আর এগিয়ে না নেওয়া হয়।”
“এ ধরণের চিঠি পাঠানোর মানে হল বিষয়টি মিথ্যা।”
গত ১০ জুন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের যুক্তরাষ্ট্র সফরের সময় বাংলাদেশ থেকে পাঠানো একটি চিঠি দেখিয়ে শ্রমিক নির্যাতনের অভিযোগ তোলেন কয়েকজন মার্কিন কংগ্রেসম্যান।
রোববার ওই সফর নিয়ে সংবাদ সম্মেলনে চিঠি পাঠানোর জন্য দায়ীদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী।
ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের (এনজিডব্লিউএফ) সভাপতি আমিরুল হক আমিন চিঠিটি পাঠিয়েছেন। ওই সংগঠনটি ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সদস্য। ইন্ডাস্ট্রিঅলের লোগো ব্যবহার করে চিঠিটি পাঠানো হয়েছে, যার অনুলিপি সোমবার সাংবাদিকদের সরবরাহ করা হয়।
বিজিএমইএ সভাপতি বলেন, “কোনো সংগঠনের প্যাডে কোনো চিঠি পাঠানো হলে ওই সংগঠনকেই সেটির দায় নিতে হয়। এজন্য ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলেরও এর দায় নিতে হবে।”
তিনি বলেন, “আমরা সব জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, এ চিঠি দেশের কাউকে দেওয়া হয়নি। ভালুকার পুলিশ, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়- কোথাও ওই অভিযোগ জানানো হয়নি। আমরা চিঠিটি পেয়েছি কংগ্রেসম্যানদের কাছ থেকে। এটা দেশের ভাবমূর্তিকে অসম্ভবভাবে ক্ষুণ্ন করেছে।”
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী।
সেমিনারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সেখানে আমরা বলে আসলাম, গত ১৪ মাসে পোশাক খাতে কোনো দুর্ঘটনা ঘটেনি। আর শ্রমিকরা ওভাবে পুড়বে না।
“আর রায় রমেশ চন্দ্র বললেন, ওভাবে আরো পুড়বে। তখন রানা প্লাজার কথা সবাই ভুলে যাবে।”
এসময় তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডেরও সমালোচনা করেন তোফায়েল।
তিনি বলেন, নজরুল ইসলাম খান ও রায় রমেশ অ্যাকর্ডের সদস্য। যে কয়টা পোশাক কারখানা বন্ধ হয়েছে তার বেশির ভাগ অ্যাকর্ডের কারণে। কারখানা বন্ধ হলে অ্যাকর্ড কোনো ক্ষতিপূরণ দেয় না, অথচ অ্যালায়েন্স (আমেরিকান ক্রেতাদের জোট) তিন মাসের বেতনের অর্ধেক দেয়।
বিজিএমইএ সভাপতিক আতিকুল বলেন, “অ্যালায়েন্সের স্টিয়ারিং কমিটিতে বিজিএমইএ-র প্রতিনিধিত্ব আছে। ক্রেতাদের সঙ্গে কীভাবে দরকষাকষি করতে হয় তা আমরা জানি। এ কারণ অ্যালায়েন্স ক্ষতিপূরণ দিচ্ছে, কিন্তু অ্যাকর্ড দিচ্ছে না।
“এখন পর্যন্ত কারখানা বন্ধ হওয়ার কারণে প্রায় ২০ হাজার শ্রমিক বেকার হয়েছে। এক্ষেত্রে অ্যাকর্ডের কমিটিতে থাকা শ্রমিক নেতাদের উচিত ছিল কোনো সমাধান নিয়ে আসা।’
ফেলোশিপ পেলেন ছয় সংবাদকর্মী
তৈরি পোশাক শিল্প নিয়ে গবেষণাধর্মী প্রতিবেদনের তৈরির জন্য বিজিএমইএ এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজী (বিইউএফটি) গণমাধ্যমে কর্মরত ছয় প্রতিবেদককে ফেলোশিপ প্রদান করেছে।
‘বিজিএমইএ/বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ’ শীর্ষক ওই ফেলোশিপ দেওয়া কার্যক্রম এবারই প্রথম শুরু করল সংগঠনটি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকও বক্তব্য রাখেন।
নির্বাচিত ফেলোরা হলেন- দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব আহমেদ, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের নিজস্ব প্রতিবেদক মনিরা মুন্নি, ৭১ টিভি-র নিজস্ব প্রতিবেদক জাহিদুল ইসলাম মজুমদার, অনলাইন পত্রিকা নতুন বার্তার নির্বাহী সম্পাদক ইকরাম কবির, বগুড়ার আঞ্চলিক দৈনিক সাতমাথার এফ শাহজাহান ও দৈনিক সিলেট সুরমার প্রধান প্রতিবেদক চীফ রিপোর্টার শাহ সোহেল আহমেদ।
