২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন উদ্যোক্তা তৈরিতে শুরু হল মেলা

নতুন উদ্যোক্তা তৈরি করতে রাজধানীতে শুরু হয়েছে উদ্যোক্তা মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 10:05 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) উদ্যোগে দুদিনব্যাপী এই মেলা শুরু হয়।

মেলার উদ্বোধন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের করার কথা থাকলেও তার অনুপস্থিতিতে সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি শাহজাহান খান, সাবেক সভাপতি সবুর খান এবং আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

ঢাকা চেম্বারের ২ হাজার নতুন উদ্যোক্তার বড় একটি অংশ মেলায় তাদের পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছেন। মেলায় ৩৯টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

ফজলে নূর তাপস বলেন, সৃজনশীল এসব উদ্যোক্তা দেশে নতুন করে কর্মসংস্থান তৈরি করে অর্থনীতিতে অবদান রাখবেন। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের পাশে থাকতে হবে। ব্যাপক জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার প্রচেষ্টা সত্যিই প্রশংসার।

“উদ্যোক্তাদের জন্য আজ যে দুয়ার খোলা হয়েছে, তা ৪০ থেকে ৪৫ বছর আগে ছিল না। তাই এ সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান বলেন, ঢাকা চেম্বারের উদ্যোগে সাড়া দিয়ে বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে নতুন উদ্যোক্তাদের জন্য।

আনোয়ার হোসেন বলেন, “আগে ১০০ টাকা খরচ করলে ৪ টাকা ভ্যাট দিতে হতো। এখন দিতে হয় ১৫ টাকা। এখন অনেক সংগ্রাম করে উদ্যোক্তাদের টিকে থাকতে হয়।”

নতুন উদ্যোক্তাদের পাশে থাকতে বড় উদ্যোক্তাদের অনুরোধ জানান আনোয়ার হোসেন।

ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, উদ্যোক্তা তৈরির কাজে বাংলাদেশ ব্যাংক ছাড়াও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা, বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিডি ভেনচার লিমিটেড, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ কাউন্সিল অব সায়েনটিফিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সিটি ফোরাম, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বাংলাদেশ বিশ্বব্যাংক দ্য ফিউচার লিডারস এলটিডি, বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট এবং রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে ডিসিসিআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া টেলিকম পার্টনার হিসেবে গ্রামীণফোনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে তিনি জানান।

শাজাহান খান বলেন, দেশের ৯০ শতাংশ ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) অন্তর্ভুক্ত। অর্থনীতির মূল চালিকা শক্তিও এসএমই খাত। বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা তৈরিতে এসএমই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, দেশব্যাপী প্রচার অভিযানের ফলে এ প্রকল্পের আওতায় ৩২০০ জন সম্ভাবনাময় উদ্যোক্তা রেজিস্ট্রেশন করে এবং ২২০০টি প্রকল্প জমা পড়ে।

পরে বিশেষজ্ঞ অভিজ্ঞ ব্যাংকারদের মাধ্যমে অর্থায়নযোগ্য প্রকল্পসমূহ বাছাই করে সেগুলো বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়। এ উদ্যোগের আওতায় ১০ জন উদ্যোক্তা বিভিন্ন ব্যাংক থেকে আর্থিক সহায়তা পেয়েছেন বলে শাজাহান খান জানান।