এইচডি ভয়েস সেবা চালু করলো রবি
মোবাইল ফোন অপারেটর রবি দেশজুড়ে ৩.৫জি নেটওয়ার্কে মানসম্মত এইচডি-ভয়েস সেবা চালু করেছে।
রোববার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবি দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর যারা এ ধরণের সেবা প্রদানের জন্য জিএসএমএ’র স্বীকৃতি পেয়েছে।
এতে বলা হয়, বিশ্বের মাত্র ১০৯টি টেলিকম অপারেটর এ ধরনের সেবা চালু করেছে। তাদের দলে এখন রবিও যোগ দিয়েছে।
ক্লিয়ার ভয়েসের জন্য এইচডি-ভয়েসে এএমআর ডব্লিওবি (অ্যাডাপটিভ মাল্টিরেট ওয়াইড ব্যান্ড) প্রযুক্তি ব্যবহার করা হয়। এর ফলে কল গ্রহীতা স্পষ্ট ও আকর্ষণীয় ভয়েস শুনতে পান।
এই প্রযুক্তির ফলে কথা বলার সময় বাড়তি শব্দ দূর হয়ে স্পষ্ট ভয়েস শোনা যায় এবং কথা ভেঙে যায় না।
এইচডি-ভয়েসের সুবিধা পেতে হলে রবি ৩.৫জি গ্রাহকের উভয়েরই এইচডি ভয়েস সুবিধাসম্বলিত হ্যান্ডসেট ব্যবহার করতে হবে।
রবির চিফ টেকনোলজি অফিসার এ.কে.এম. মোর্শেদ বলেন, “এইচডি-ভয়েস সেবাটি বাংলাদেশের গ্রাহকদের জন্য বিশ্বের সবচেয়ে মানসম্পন্ন ভয়েস সেবা প্রদানের একটি প্রচেষ্টা যা জিএসএমএ’র স্বীকৃতি পেয়েছে।”
