ঢাকায় বিএমডব্লিউ গাড়ির বিক্রয় কেন্দ্র
ঢাকার তেজগাঁওয়ে বিএমডব্লিউ গাড়ির নতুন শোরুম উদ্বোধন করেছে এক্সিকিউটিভ মোটরস।
রোববার কোম্পানিটির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে চার হাজার বর্গফুটের শো রুমটি উদ্বোধন করা হয়। ছয়টি বিএমডব্লিউ গাড়ি এবং একটি বিশেষ লাইফ স্টাইল কর্নার থাকছে নতুন এই শোরুমে।
প্রদর্শনী কেন্দ্রটিতে তৃতীয় প্রজন্মের বিএমডব্লিউ এক্স-৫ নামের গাড়িরও উদ্বোধন করা হয়। বিএমডব্লিউ এক্স-৫ একটি স্পোর্টস অ্যাকটিভিটি ভেহিকেল বা এসএভি।
উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ মোটরসের ব্যবস্থাপক দেওয়ান মোহম্মদ সাজিদ আফজাল বলেন, বাজারে বিএমডব্লিউর জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নয়নে এই শোরুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ মোটরসের চেয়ারম্যান মিজানুর রহমান ভুঁইয়া, ডিরেক্টর মশিউর রহমান ভুঁইয়া এবং ম্যানেজিং ডিরেক্টর মোখলেসুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন।
মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এক্সিকিউটিভ মোটরস ২০০২ সাল থেকে দেশীয় বাজারে বিএমডব্লিউ গাড়ির আমদানি করছে।
