২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজার আগে চিনি ও আলুর দাম বেড়েছে

পাইকারি বাজার অপরিবর্তিত থাকলেও রমজানকে সামনে রেখে এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চিনি ও আলুর দাম বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 06:25 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ও মুদি দোকান ঘুরে দেখা যায় দুটি পণ্যের দাম কেজিপ্রতি প্রায় ২ টাকা বেড়েছে।

সকালে প্রতি কেজি খোলা চিনি ৪৬ থেকে ৪৮ টাকা দরে বিক্রি করতে দেখা যায়, যা এক সপ্তাহ আগে ৪৫ থেকে ৪৭ টাকায় বিক্রি হয়েছে।  এক মাস আগেও বাজারে এই পণ্যটি ৪৩ থেকে ৪৫ টাকা কেজি দরে পাওয়া গেছে।

এবিষয়ে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি শের মোহাম্মাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইকারি পর‌্যায়ে চিনির দাম বাড়েনি। প্রতি মণ (সাড়ে ৩৭ কেজি) চিনি ১৫০০ থেকে ১৫৫০ টাকা দরে প্রায় এক মাস ধরে বিক্রি হচ্ছে। আজও এই দরে বিক্রি হচ্ছে। কিন্তু খুচরা পর‌্যায়ে কেন দাম বাড়ছে জানি না।

“তবে রমজানে চিনি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কারণ সরকারি-বেসরকারি পর‌্যায়ে পর‌্যাপ্ত মজুদ রয়েছে।”

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজধানীর ২৮টি জায়গায় ট্রাকে করে ৪০ টাকা দরে চিনি বিক্রি করছে।

রমজানে দেশে চিনির চাহিদা বেড়ে সাধারণত দ্বিগুনের বেশি হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত প্রতি মাসে দেশে ১ লাখ ৩০ হাজার টন চিনি চাহিদা রয়েছে। আর রমজানে এই চাহিদা প্রায় ৩ লাখ টন।     

শুক্রবার বাজারে প্রতিকেজি আলু ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ১৬ থেকে ১৮ টাকা দরে বিক্রি হয়েছে।

এবিষয়ে শ্যামবাজার কৃষিপণ্য আড়ৎ মালিক ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক হাজী মহসিন উদ্দিন (ভুলু মিয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলুর সরবরাহ কমে যাওয়ায় দাম একটু বেড়েছে। বর্তমানে ১৫ থেকে সাড়ে ১৬ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে।”

কোল্ডস্টোরেজ থেকে আলু বাজারে এলে দাম আবার কমবে বলে মনে করেন ভুলু মিয়া।